কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী সাময়িক বরখাস্ত

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী মোঃ জলিলুর রহমানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
বিদ্যালয় কর্তৃপক্ষের জারি করা আদেশে উল্লেখ করা হয়, গত ২৬ জুলাই ২০২৬ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বিরুদ্ধে অশ্লীল, অনৈতিক ও অসামাজিক কর্মকাণ্ডসংক্রান্ত ছবি ও তথ্য ছড়িয়ে পড়ার ঘটনায় বিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ন হয়েছে এবং শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় জনমনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে প্রতিষ্ঠানের নির্দেশনা অমান্য করার অভিযোগও রয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় বিদ্যালয় কর্তৃপক্ষ ২৭ জুলাই ২০২৬ তারিখে একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্ত কমিটি ৩০ জুলাই ২০২৬ তারিখে প্রতিবেদন দাখিল করে। পরবর্তীতে ৩১ জুলাই ২০২৬ তারিখে অনুষ্ঠিত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশালের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা, ২০২৪-এর ৫৪(১) ধারা অনুযায়ী মোঃ জলিলুর রহমানকে অফিস সহকারীর পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়।
আগামী ১ আগস্ট ২০২৬ থেকে এ আদেশ কার্যকর হবে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খলিলুর রহমান স্বাক্ষরিত এ আদেশে সভাপতির অনুমোদনও রয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন