জয়পুরহাটের ক্ষেতলালে দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের গবাদিপশু ও ছাগলের জন্য বিনামূল্যে টিকাদান ও ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) উপজেলার তুলসীগঙ্গা ইউনিয়নের আটি আবাসন প্রকল্পে তরুণ মানব কল্যাণ সংস্থার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে আবাসন প্রকল্পের ৫০টি পরিবারের গবাদিপশু ও ছাগলকে বিনামূল্যে বিভিন্ন রোগ প্রতিরোধের টিকা দেওয়া হয়।
এ সময় প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা পশুদের টিকাদানের পাশাপাশি খামারি ও পশুপালনকারীদের গবাদিপশু পালন, রোগ প্রতিরোধ ও পরিচর্যা বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মহিউদ্দিন, ক্ষেতলাল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফারুক মিয়া, ক্ষেতলাল উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সহ-পরিবেশ বিষয়ক সম্পাদক সোহেল হাজী, তরুণ মানব কল্যাণ সংস্থার সভাপতি মাহমুদুল হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আয়োজকরা জানান, দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের গবাদিপশুকে রোগমুক্ত রাখা এবং পশুপালনে উৎসাহিত করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য। পাশাপাশি পশুপালনের মাধ্যমে এসব পরিবারের আর্থিক স্বাবলম্বিতা বাড়াতেও এমন উদ্যোগ ভূমিকা রাখবে বলে জানান তারা।
ভবিষ্যতেও দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।




