
ময়মনসিংহের গৌরীপুরে সরকারি খাস খতিয়ানের জমির দখল নিয়ে বিরোধের জেরে মকবুল হোসেন (৬০) নামের এক কৃষককে পিটিয়ে হত্যা করা হয়েছে| এ সময় প্রতিপক্ষের হামলায় নিহতের ছোট ভাই দুলাল হোসেন (৫০) গুরুতর আহত হন| পরে স্বজন ও স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
শনিবার সকালে উপজেলার ভাঙানামারী ইউনিয়নের চরভাবখালী গ্রামে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে| নিহত মকবুল হোসেন ওই গ্রামের মৃত কসম উদ্দিনের ছেলে| এ ঘটনায় পুলিশ চার নারীকে আটক করেছে|
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পৈত্রিক সূত্রে নিজেদের দাবি করা ও মূলত সরকারি খাস খতিয়ানভুক্ত ১৬ কাঠা ফসলি জমিতে আজ সকালে মাসকলাই বুনতে যান দুই ভাই মকবুল ও দুলাল| এ সময় জমিটি অন্যায়ভাবে নিজেদের দখলে নেওয়ার চেষ্টায় প্রতিবেশী আমানত মিয়ার চার ছেলে বাবুল, জাহাঙ্গীর, আব্দুর রাশিদ ও আনারুল তাদের চাষাবাদে বাধা দেয়| এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়লে প্রতিপক্ষ বাবুল তার হাতে থাকা লাঠি দিয়ে সজোরে মকবুল হোসেনের মাথায় আঘাত করেন| এতে তিনি তাৎক্ষণিক মাটিতে লুটিয়ে পড়েন|
আহত ছোট ভাই দুলাল হোসেন জানান, বাবুলের লাঠির আঘাতে মকবুল মাটিতে লুটিয়ে পড়ে যাওয়ার পর অন্য ভাইয়েরা তাকে বেদম পিটিয়ে ঘটনাস্থলেই মৃত্যু নিশ্চিত করে| এ সময় ভাইকে বাঁচাতে গেলে দুলালকেও পিটিয়ে গুরুতর আহত করা হয়| হত্যাকাণ্ডের পরপরই অভিযুক্তরা বাড়ি ছেড়ে পালিয়ে গেলেও পুলিশ দ্রুত অভিযান চালিয়ে এই ঘটনায় জড়িত চারজনকে গ্রেফতার করেছে|
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সঙ্গে জড়িত চার নারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে| এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে| কোতোয়ালি থানার পুলিশ ময়নাতদন্তের ব্যবস্থা নিয়েছে।





