
মঠবাড়িয়ার মোমেনিয়া দাখিল মাদ্রাসার কাবাডি দল আঞ্চলিক চ্যাম্পিয়ন
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মোমেনিয়া দাখিল মাদ্রাসার কাবাডি দল ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় অসাধারণ সাফল্য অর্জন করেছে।
প্রতিযোগিতার কাবাডি ইভেন্টে খুলনা বিভাগকে হারিয়ে অঞ্চল পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে মোমেনিয়া দাখিল মাদ্রাসার দল। এই জয়ের মধ্য দিয়ে দলটি এখন জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পেয়েছে।
জাতীয় পর্যায়ের খেলায় অংশ নিতে দলটি কুমিল্লার ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামের উদ্দেশ্যে রওনা দিয়েছে। এ সাফল্যে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।
দলের সঙ্গে দায়িত্ব পালন করছেন মো. শফিকুল ইসলাম, সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) এবং মো. ফোরকান, সাবেক ক্রীড়াবিদ ও বর্তমান কোচ। তাঁদের তত্ত্বাবধানেই দলটি আঞ্চলিক পর্যায়ে সাফল্য অর্জন করেছে।
জাতীয় পর্যায়ে নিজেদের সেরাটা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে দলের সংশ্লিষ্টরা দেশবাসীর কাছে দোয়া ও শুভকামনা কামনা করেছেন।
মঠবাড়িয়ার এই তরুণ কাবাডি খেলোয়াড়দের জাতীয় পর্যায়ের অভিযানে রইল শুভকামনা।



