গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল: ১২ জেলেকে উদ্ধার করল কোস্ট গার্ড

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ‘এফভি মায়ের দোয়া’ নামের একটি ফিশিং বোটসহ ১২ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

মঙ্গলবার (২৫ আগস্ট ২০২৬) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত রবিবার (২৩ আগস্ট) রাত ৮টার দিকে সুন্দরবনের দুবলার চর থেকে আনুমানিক ১২ নটিক্যাল মাইল দক্ষিণে গভীর সমুদ্রে মাছ ধরার সময় বোটটির ইঞ্জিন বিকল হয়ে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে বোটটি মাঝসমুদ্রে ভাসতে থাকে।

পরে সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বোটটি মোবাইল নেটওয়ার্কের আওতায় এলে এক জেলে বোটের মালিককে বিষয়টি জানান। বোট মালিক তাৎক্ষণিকভাবে কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোন করে উদ্ধারের আকুতি জানান।
খবর পেয়ে কোস্ট গার্ড স্টেশন দুবলা দ্রুত সমুদ্রে উদ্ধার অভিযান শুরু করে। অভিযান চালিয়ে গভীর সমুদ্র থেকে ভাসমান বোটসহ ১২ জেলেকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা জানান, উদ্ধার হওয়া জেলেদের প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনীয় খাবার ও পানি দেওয়া হয়েছে। উদ্ধারকৃত বোট ও জেলেদের তাদের পরিবারের কাছে হস্তান্তরের আইনি প্রক্রিয়া চলছে। সমুদ্রপথে যেকোনো জরুরি প্রয়োজনে কোস্ট গার্ডের এই উদ্ধার তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন