গাইবান্ধায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

ডিজিটাল যুগে অপতথ্য রুখতে তথ্য প্রকাশ নিয়ন্ত্রণ নয়, চাই অবাধ তথ্যে অভিজ্ঞম্যতা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধায় নানা আয়োজনে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সোমবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মো. মনিরুজ্জামান। সহকারী কমিশনার সুমাইয়া জান্নাতের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একেএম হেদায়েতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ডি. এম. হাসিবুল বেনজীর, অধ্যাপক মাজহারুল মান্নান ও জেলা সনাকের সভাপতি আফরুজা লুপু।
 এ সময় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, তথ্য প্রাপ্তি নাগরিকের একটি গুরুত্বপূর্ণ অধিকার। জনস্বার্থে ২০০৯ সালে তথ্য অধিকার আইন প্রণয়ন করা হয়। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি দুর্নীতি প্রতিরোধেও আইনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এবং নাগরিকদের অবাধ তথ্য প্রদান ও প্রকাশে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন