
বিগত অন্তর্বর্তীকালীন সরকার দেশের ঋণের যে তথ্য দিয়েছিল, বাস্তবে তার সঙ্গে বড় ধরনের গরমিল পাওয়া গেছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের দেওয়া হিসাবে ঋণের পরিমাণ ছিল ১৭ শতাংশ। তবে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর হিসাব করে দেখা গেছে, ঋণের পরিমাণ ৩৭ শতাংশ।
বৃহস্পতিবার সকালে গাইবান্ধা সার্কিট হাউস মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।
প্রতিমন্ত্রী বলেন, দায়িত্ব নেওয়ার পর গত ছয় মাসে বর্তমান সরকার ২৫ হাজার কোটি টাকার ঋণ পরিশোধ করেছে। একইসঙ্গে দেশের চলমান বিদ্যুৎ ও গ্যাস সংকট নিরসনে সরকারের নেওয়া বিভিন্ন পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।
তিনি বলেন, দেশের অর্থনৈতিক চাপ মোকাবিলা করে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। বিদ্যুৎ ও গ্যাসের সংকট নিরসনেও পরিকল্পিতভাবে কাজ চলছে।
মতবিনিময় সভায় গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি ডা. মইনুল হাসান সাদিক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন নবী টিটুলসহ দলীয় নেতাকর্মী ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় দেশের সার্বিক পরিস্থিতি, উন্নয়ন কার্যক্রম এবং স্থানীয় বিভিন্ন সমস্যা নিয়েও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম।


