ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় গাছের সঙ্গে হাত বাঁধা অবস্থায় এক মধ্যবয়স্ক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার পাগলা থানা এলাকার মশাখালী ইউনিয়নের দড়ি চারবাড়িয়া গ্রামের শাহাকান্দা ভিটা এলাকায় স্থানীয় লোকজন মরদেহটি দেখতে পান। পরে খবর পেয়ে পাগলা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মরদেহটি একটি গাছের সঙ্গে বাঁধা অবস্থায় ছিল এবং শরীরে আঘাতের চিহ্ন দেখা গেছে। স্থানীয়দের ধারণা, অন্য কোথাও থেকে ওই ব্যক্তিকে সেখানে এনে হত্যা করা হয়ে থাকতে পারে।
ময়মনসিংহ-এর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আবদুল্লাহ আল মামুন বলেন, ঘটনাস্থলটি বেশ প্রত্যন্ত এলাকায় হওয়ায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লোকটিকে বাইরে থেকে এনে সেখানে হত্যা করা হয়েছে।
তিনি আরও জানান, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) কাজ করছে। পরিচয় নিশ্চিত হওয়ার পর হত্যার কারণ এবং জড়িত ব্যক্তিদের শনাক্তে তদন্ত এগিয়ে নেওয়া হবে।



