গাজীপুরের কাপাসিয়ায় ছেলের এসএসসি পরীক্ষার প্রবেশপত্রের ফটোকপি করতে গিয়ে সশস্ত্র ছিনতাইয়ের কবলে পড়েছেন এক বাবা।
হামলাকারীরা তাকে মারাত্মকভাবে আহত করে সঙ্গে থাকা প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা ছিনিয়ে নেয়।
গতকাল সোমবার (২০ এপ্রিল) উপজেলার ঘাগটিয়া চালা বাজার থেকে মনোহরদীর উদ্দেশ্যে রওনা দিলে বরকতকান্দা এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী কামাল হোসেন (৫০) কাপাসিয়া উপজেলার বরকতকান্দা গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে।
তিনি খোলা কাগজকে জানান, ঘাগটিয়া চালা বাজারে তার একটি ওষুধের দোকান রয়েছে। সকালে ছেলের প্রবেশপত্র ফটোকপি করা এবং ৫ লাখ ৫০ হাজার টাকা ডাচ্-বাংলা ব্যাংকে জমা দিতে মোটরসাইকেলে করে মনোহরদী যাচ্ছিলেন। পথে বরকতকান্দা এলাকায় পৌঁছালে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা রাসেল মিয়া লোহার রড দিয়ে তার মোটরসাইকেল থামিয়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। একপর্যায়ে মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। এ সময় সঙ্গে থাকা শাহিন মিয়া জোরপূর্বক তার প্যান্টের পকেট থেকে নগদ ৫ লাখ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়। তাদের সঙ্গে আরও একজন সহযোগী ছিল বলে অভিযোগ।
কামাল হোসেনের ছেলে জানায়, হামলার সময় তার প্রবেশপত্র রক্তে ভিজে যায়। বর্তমানে তিনি প্রবেশপত্র পুনরুদ্ধারে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন।
আহত কামাল হোসেনকে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তার মাথায় একাধিক সেলাই দেওয়া হয়েছে। এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
মনোহরদী মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাছে প্রবেশপত্র নিয়ে যাওয়ার পর বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে বলেন জানান পরীক্ষাীর্থী।
কাপাসিয়া থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম খোলা কাগজকে বলেন, অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী রক্তাক্ত জখম হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং তদন্ত চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় কামাল হোসেন বাদী হয়ে রাসেল মিয়া (৩০), শাহিন মিয়া (২৮) ও শাকিল মিয়া (২৮)-এর নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করেছেন, বলেন ওসি।




