
গাজীপুরের ভোগড়া বাইপাস ও কালিয়াকৈর এলাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে এক বর্ণাঢ্য ও উষ্ণ সংবর্ধনা জানানো হয়েছে। আজ টাঙ্গাইলে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করতে যাওয়ার পথে গাজীপুরের বিভিন্ন পয়েন্টে হাজার হাজার মানুষ তাঁকে স্বাগত জানান।
প্রধানমন্ত্রীকে একনজর দেখতে এবং সংবর্ধনা জানাতে সকাল থেকেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুপাশে জড়ো হন বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীসহ সাধারণ মানুষ। প্রধানমন্ত্রীকে বহনকারী গাড়ি বহর গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় পৌঁছালে উপস্থিত জনতা স্লোগানে স্লোগানে এলাকা মুখরিত করে তোলেন।
এরপর প্রধানমন্ত্রী কালিয়াকৈর এলাকায় পৌঁছালে তাঁকে সেখানে স্বাগত জানান গাজীপুর-০৩ আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ এস এম রফিকুল ইসলাম বাচ্চু এমপি। সংসদ সদস্যের নেতৃত্বে হাজারো নেতাকর্মী করতালির মাধ্যমে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপকালে সংসদ সদস্য অধ্যাপক ডাঃ এস এম রফিকুল ইসলাম বাচ্চু বলেন, “দেশের কৃষিনির্ভর অর্থনীতিকে শক্তিশালী করতে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের এই কৃষক কার্ড বিতরণ কর্মসূচি একটি যুগান্তকারী পদক্ষেপ।
সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।
সংবর্ধনা শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান টাঙ্গাইলের উদ্দেশ্যে যাত্রা অব্যাহত রাখেন। পথে মহাসড়কের বিভিন্ন স্থানে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
