
গাজীপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু তাহের প্রধানের বিরুদ্ধে নারী পোশাক শ্রমিককে বিয়ের প্রলোভনে ধর্ষণ এবং প্রাণনাশের হুমকির অভিযোগে আদালতে মামলা হয়েছে।
গত ১৫ নভেম্বর (রোববার) গাজীপুর নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালে মামলা করেছেন ভুক্তভোগী। মামলায় আবু তাহের প্রধানকে প্রধান আসামি এবং তার বাড়ির নিরাপত্তাকর্মী আব্দুল কাদেরকে দ্বিতীয় আসামি করা হয়েছে।
আবু তাহের প্রধান শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টারবাড়ী এলাকার সুলতান উদ্দিন প্রধানের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, চাকরির সুবাদে প্রায় পাঁচ বছর আগে শ্রীপুর পৌরসভা এলাকায় ভাড়া বাসায় থেকে স্থানীয় পোশাক কারখানায় চাকরি করছিলেন ভুক্তভোগী। পরে আবু তাহেরের সঙ্গে পরিচয় হয়। মোবাইল নম্বর সংগ্রহ করে নারীর সঙ্গে বিভিন্ন অজুহাতে যোগাযোগ শুরু করেন। এক পর্যায়ে ভুক্তভোগীকে প্রেমের প্রস্তাব ও বিয়ের আশ্বাস দিয়ে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন আবু তাহের। গত ৮ আগস্ট দুপুর ১২টার দিকে আবু তাহের ওই নারীর ভাড়া বাসায় যান। এসময় তার সঙ্গে বাড়ির নিরাপত্তাকর্মী আব্দুল কাদেরও ছিলেন। পরে নারীর ঘরে প্রবেশ করে আবু তাহের ভেতর থেকে দরজা বন্ধ করে জোরপূর্বক ধর্ষণ করেন। নিরাপত্তাকর্মী আব্দুল কাদের বাহিরে পাহারায় ছিলেন। বিষয়টি গোপন রাখতে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে বিষয়টি কারও কাছে না বলার জন্য নিষেধ করেন।
আরও জানা গেছে, গত ২৯ অক্টোবর বিয়ের কথা বলে ওই নারীকে আবু তাহের তার বাসায় যেতে বলেন। তার কথায় বিশ্বাস করে ভিকটিম ওইদিন বিকেল ৪টার দিকে তাহেরের বাসায় গেলে নারীর কাছে থাকা নগদ টাকা রেখে দেন। পরদিন ৩০ অক্টোবর রাত ৮টার দিকে ভুক্তভোগীর বাসায় গিয়ে আবারও ধর্ষণ করেন। পরে বিয়ের দাবিতে ভিকটিম চিৎকার করলে আশপাশের লোকজন জড়ো হলে পরিস্থিতি সামাল দিতে বিয়ের আশ্বাস দেন তাহের। এদিন রাত সাড়ে ৯টার দিকে বিয়ের কথা বলে তাকে তাহেরের ব্যক্তিগত গাড়িতে করে গাজীপুরের দিকে নিয়ে যায়। পথে বাঘের বাজার এলাকায় কাজী অফিসে যাওয়ার কথা বলে ভুক্তভোগীকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে পালিয়ে যান। ওই নারী বিয়ের বিষয়ে তাহেরের সঙ্গে যোগাযোগ করলে বিভিন্ন অজুহাতে সময় পার করেন। একপর্যায়ে তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানান।
গত ৬ নভেম্বর শ্রীপুর মডেল থানায় মামলা করতে গেলে পুলিশ তাকে আদালতে মামলা করার পরামর্শ দেন। ১৫ নভেম্বর গাজীপুর নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালে ভুক্তভোগী মামলা করেন।
ভুক্তভোগীর স্বামী অভিযোগ করেন, স্ত্রীকে নিয়ে প্রায় পাঁচ বছর ধরে ভাড়া বাসায় বসবাস করছেন। কাজের সুবাদে বাসায় কম থাকতেন তিনি। এ সুযোগে আবু তাহের স্ত্রীর মোবাইল নম্বর সংগ্রহ করে যোগাযোগ শুরু করেন। পরে বিয়ের প্রলোভন ও বিভিন্ন সুযোগ-সুবিধার আশ্বাস দিয়ে তার স্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন।
তিনি আরও বলেন, আবু তাহের রাজনৈতিক প্রভাব দেখিয়ে তাকে ভয়ভীতি দেখান এবং আমাকে ছেড়ে দেওয়ার জন্য চাপ দিতে থাকেন। আমাদের ১২ বছরের দাম্পত্য জীবনে ৯ বছর বয়সী একটি কন্যাসন্তানও রয়েছে।
জানতে চাইলে আবু তাহের প্রধান বলেন, মামলার বিষয়ে আমি কিছু জানি না। আপনাদের (সাংবাদিক) মাধ্যমে আমি এই মাত্র জানতে পারলাম।
বাদীর আইনজীবী মো. সালাউদ্দিন বলেন, নারী পোশাক শ্রমিককে বিয়ের বিয়ের প্রলোভনে ধর্ষণের ঘটনায় গত ১৫ নভেম্বর আদালতে মামলা করেছেন ভুক্তভোগী। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) গাজীপুরকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই’র) গাজীপুরের পুলিশ সুপার (এসপি) রকিবুল আক্তার বলেন, নারী পোশাক শ্রমিককে ধর্ষণের ঘটনায় বিজ্ঞ আদালত থেকে মামলার কোনো আদেশ এখনো পাইনি। যদি পিবিআইকে দিয়ে থাকে তাহলে হয়তো পেয়ে যাব।
