বৃহস্পতিবার,৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

গান-কবিতায় জুলাইয়ের চেতনা, ‘পরিবর্তন যুব সংগঠন’-এর সাংস্কৃতিক সন্ধ্যা

“মুক্তির মন্দির সোপানতলে, কত প্রাণ হলো বলিদান…”—দেশাত্মবোধের এই চিরন্তন আহ্বানের সুর যেন প্রতিধ্বনিত হলো কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজ মুক্তমঞ্চে। গান, কবিতা, নৃত্য আর স্মৃতিচারণে উদযাপিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬।

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি, শহীদদের আত্মত্যাগ এবং নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম, সম্প্রীতি ও সাংস্কৃতিক চর্চার বার্তা ছড়িয়ে দিতে কিশোরগঞ্জে ব্যতিক্রমধর্মী সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছে ‘পরিবর্তন যুব সংগঠন’।

বুধবার (৫ আগস্ট) সন্ধ্যা ৬টায় গুরুদয়াল সরকারি কলেজ মুক্তমঞ্চে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, তরুণ-তরুণী, শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী ও সুধীজনের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান। উদ্বোধক ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর, কিশোরগঞ্জের উপপরিচালক রফিকুল ইসলাম শামীম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুরুদয়াল সরকারি কলেজের সহকারী অধ্যাপক মাহফুজুর রহমান, জেলা সরকারি গণগ্রন্থাগারের জেলা লাইব্রেরিয়ান আজিজুল হক সুমন এবং পরিবর্তন যুব সংগঠনের উপদেষ্টা ফয়সাল প্রিন্স।

অনুষ্ঠানের শুরুতেই জুলাই গণঅভ্যুত্থানে আত্মদানকারী শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং তাঁদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি, নৃত্য পরিবেশনা এবং আলোচনা পর্বের মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, আত্মত্যাগ ও চেতনাকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরা হয়।

বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান শুধু একটি রাজনৈতিক অধ্যায়ের নাম নয়; এটি স্বাধীনতা, গণতন্ত্র, ন্যায়বিচার এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের এক গুরুত্বপূর্ণ মাইলফলক। শহীদদের আত্মত্যাগকে ধারণ করে বৈষম্যহীন, মানবিক ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।

অনুষ্ঠানে পরিবেশিত দেশাত্মবোধক গান ও কবিতা দর্শকদের আবেগাপ্লুত করে তোলে। শিল্পীদের পরিবেশনায় মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, দেশপ্রেম এবং জুলাই গণঅভ্যুত্থানের চেতনা এক সুতোয় গাঁথা হয়ে ওঠে। নৃত্য পরিবেশনাও দর্শকদের ব্যাপক প্রশংসা কুড়ায়।

আয়োজকরা জানান, জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ও শহীদদের আত্মত্যাগকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করার পাশাপাশি তরুণ সমাজের মধ্যে দেশপ্রেম, সামাজিক সম্প্রীতি ও সুস্থ সাংস্কৃতিক চর্চার প্রসার ঘটাতেই এই আয়োজন করা হয়েছে। সংস্কৃতির শক্তিকে সমাজ পরিবর্তনের অন্যতম হাতিয়ার হিসেবে প্রতিষ্ঠা করাই তাদের লক্ষ্য।

উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে রাজনৈতিক পটপরিবর্তনের দুই বছর পূর্তি উপলক্ষে সারা দেশের মতো কিশোরগঞ্জেও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে নানা কর্মসূচি পালিত হয়। তারই অংশ হিসেবে ‘পরিবর্তন যুব সংগঠন’-এর এই সাংস্কৃতিক সন্ধ্যা দিনটির তাৎপর্যকে ভিন্নমাত্রা দিয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কচুয়া নেছারিয়া কামিল মাদ্রাসায় আলোচনা সভা অনুষ্ঠিত

:বরিশাল জেলার বানারীপাড়া   উপজেলার ঐতিহ্যবাহী কচুয়া নেছারিয়া কামিল মাদ্রাসায় জুলাই