গ্রিড বিপর্যয়ে চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ নেই

যান্ত্রিক ত্রুটির কারণে চট্টগ্রামের কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। একই কারণে ঢাকার পূর্বাঞ্চলসহ রাজধানীর কয়েকটি এলাকাতেও বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে জরুরি ভিত্তিতে কাজ করছেন প্রকৌশলীরা।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিদ্যুৎ বিভাগের এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতোমধ্যে অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সংযোগ পুনর্বহাল করা হয়েছে। বাকি এলাকাগুলোতেও স্বল্প সময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা করছে বিদ্যুৎ বিভাগ। সাময়িক এ বিদ্যুৎ বিপর্যয়ের কারণে গ্রাহকদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।
এদিকে পাওয়ার গ্রিড পিএলসি জানিয়েছে, চট্টগ্রামের একাংশের পাশাপাশি ঢাকার পূর্বাঞ্চলের ভুলতা, হরিপুর, সিদ্ধিরগঞ্জ, গুলশান, রামপুরা, উলন ও মতিঝিলসহ বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এ ছাড়া রাজধানীর মগবাজার, বনশ্রী ও খিলগাঁও এলাকাতেও বিদ্যুৎ নেই।
পাওয়ার গ্রিড পিএলসি জানায়, বিদ্যুৎ বিপর্যয়ের সুনির্দিষ্ট কারিগরি কারণ এখনো জানা যায়নি। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে ধাপে ধাপে সংযোগ পুনঃস্থাপনের কাজ চলছে।
সংস্থাটি আরও জানায়, জাতীয় গ্রিডের কার্যক্রম জাতীয় লোড ডেসপ্যাচ সেন্টারের (এনএলডিসি) নিয়ন্ত্রণে রয়েছে। দেশের উত্তরাঞ্চলসহ অন্যান্য এলাকায় বিদ্যুৎ সরবরাহ সচল ও স্বাভাবিক রয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন