
ঘন কুয়াশার কারণে প্রায় তিন ঘণ্টা বন্ধ থাকার পর রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) সকাল পৌনে ৬টার দিকে ঘন কুয়াশার কারণে নদীতে নৌযান চলাচলের চ্যানেলের দৃষ্টিসীমা কমে যায়। এতে দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।
পরে সকাল সাড়ে ৮টার দিকে কুয়াশার ঘনত্ব কিছুটা কমে এলে পুনরায় ফেরি চলাচল শুরু হয়। এতে প্রায় তিন ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় নৌরুট পারাপারের অপেক্ষায় থাকা যানবাহনের চালক ও যাত্রীদের সাময়িক দুর্ভোগ পোহাতে হয়।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক বশির আহমেদ খান বলেন, ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে প্রায় তিন ঘণ্টা ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। সকাল সাড়ে ৮টার দিকে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়। তবে দৌলতদিয়া ঘাটে তেমন কোনো দুর্ভোগ নেই।

