কক্সবাজারের চকরিয়া উপজেলায় জলবায়ু সহনশীল জীবিকা, দুর্যোগ ঝুঁকি হ্রাস এবং খাদ্য নিরাপত্তা বিষয়ক গবেষণার ফলাফল উপস্থাপন উপলক্ষে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ মে ২০২৬) সকাল ১০টায় উপজেলা প্রশাসন মিলনায়তনে মহোনায় আয়োজিত এ কর্মশালায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, কৃষক প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
জার্মান কো-অপারেশন, আনান্দো, সিপ এবং ওয়েল্ট হাঙ্গার হিলফে (WHH)-এর সহযোগিতায় আয়োজিত কর্মশালায় “Enhancing Food and Nutrition Security through Promoting Climate Resilient Livelihoods Opportunities and DRR Practices in Cox’s Bazar and Chittagong” শীর্ষক প্রকল্পের আওতায় পরিচালিত গবেষণার ফলাফল তুলে ধরা হয়।
কর্মশালার সূচি অনুযায়ী শুরুতে রেজিস্ট্রেশন ও পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। পরে স্বাগত বক্তব্য, কর্মশালার উদ্দেশ্য ও প্রকল্প পরিচিতি তুলে ধরা হয়। এরপর গবেষণা প্রক্রিয়া, পদ্ধতি ও তথ্য উপস্থাপন করেন সংশ্লিষ্ট গবেষকরা।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা মৎস্য কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় অঞ্চলে কৃষি, মৎস্য ও জীবিকার ওপর মারাত্মক প্রভাব পড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় জনগণকে জলবায়ু সহনশীল প্রযুক্তি, বিকল্প জীবিকা ও দুর্যোগ ব্যবস্থাপনায় আরও দক্ষ করে তুলতে হবে। গবেষণার সুপারিশ বাস্তবায়ন করা গেলে চকরিয়াসহ উপকূলীয় অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।
কর্মশালার শেষপর্বে অংশগ্রহণকারীরা উন্মুক্ত আলোচনায় বিভিন্ন মতামত ও সুপারিশ তুলে ধরেন। আয়োজকরা জানান, গবেষণার তথ্য ও সুপারিশ সংশ্লিষ্ট নীতিনির্ধারকদের কাছে পৌঁছে দেওয়া হবে, যাতে ভবিষ্যৎ পরিকল্পনায় তা কার্যকরভাবে কাজে লাগানো যায়।




