চকরিয়ায় ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন

ঢাকা-কক্সবাজার রেলপথ চালু হলেও আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি না থাকায় রেলসেবার প্রত্যাশিত সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন কক্সবাজারের চকরিয়াসহ আশপাশের আট উপজেলার মানুষ। চকরিয়া রেলস্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি ও স্থানীয় যাত্রীদের জন্য আসন বরাদ্দের দাবিতে মানববন্ধন করেছেন সর্বস্তরের জনসাধারণ। দাবি পূরণে অন্তত পাঁচ মিনিটের জন্য ট্রেন থামানোর আহ্বান জানিয়েছেন তাঁরা। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আয়োজকেরা।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে চকরিয়া রেলস্টেশন এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্যসহ নানা প্রয়োজনে চকরিয়াসহ আশপাশের আট উপজেলার মানুষকে প্রতিদিন বিভিন্ন স্থানে যাতায়াত করতে হয়। কিন্তু চকরিয়া স্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি না থাকায় অনেক যাত্রীকে ট্রেনে উঠতে কক্সবাজার সদর কিংবা চট্টগ্রাম শহরে যেতে হচ্ছে। এতে তাঁদের অতিরিক্ত সময় ও অর্থ ব্যয়ের পাশাপাশি নানা ভোগান্তির শিকার হতে হচ্ছে।

বক্তারা ঢাকা-কক্সবাজার রুটের মহানগর এক্সপ্রেসসহ আন্তঃনগর ট্রেনগুলো চকরিয়া স্টেশনে অন্তত পাঁচ মিনিটের জন্য থামানোর দাবি জানান। একই সঙ্গে স্থানীয় যাত্রীদের জন্য নির্ধারিত আসন বরাদ্দ নিশ্চিত করতে রেলওয়ে কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তাঁরা।

মানববন্ধনে সংহতি জানিয়ে কক্সবাজার জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী বলেন, জনস্বার্থে চকরিয়া রেলস্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি নিশ্চিত করা প্রয়োজন। দ্রুত এ দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলে জানান তিনি।

মাতামুহুরী উপজেলা যুবদলের নেতা মামুনুর রশীদও চকরিয়া স্টেশনে ট্রেনের যাত্রাবিরতি ও স্থানীয় যাত্রীদের জন্য আসন বরাদ্দ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

এদিকে, মানববন্ধনকে কেন্দ্র করে চকরিয়া রেলস্টেশনে সতর্ক অবস্থানে ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রেলওয়ে পুলিশের জিআরপি ক্যাম্পের ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, শান্তিপূর্ণ কর্মসূচিতে তাঁদের সমর্থন রয়েছে। তবে রেলওয়ের সম্পদ রক্ষা ও যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে সবাইকে সচেতন থাকতে হবে।

চকরিয়া রেলস্টেশনের স্টেশনমাস্টার মোহাম্মদ আবদুল মন্নান জানান, মঙ্গলবার বেলা ১১টার দিকে কক্সবাজার থেকে ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনটি চকরিয়া স্টেশন অতিক্রম করে। এ সময় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

স্থানীয়দের দাবি, চকরিয়া রেলস্টেশনকে কার্যকর যাত্রীসেবার আওতায় এনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি ও আসন বরাদ্দ নিশ্চিত করা হলে আশপাশের আট উপজেলার মানুষের যাতায়াত সহজ হবে। এ দাবি বাস্তবায়নে এখন রেলওয়ে কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন তাঁরা।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন