চরভদ্রাসনে টিলার চরে মশার কয়েল থেকে আগুন লেগে ঘর সহ ৭টি ছাগলের মর্মান্তিক মৃত্যু

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার টিলারচর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি ঘরসহ ৭টি ছাগল পুড়ে মর্মান্তিকভাবে মারা গেছে। এ ঘটনায় পাশের একটি ঘর আংশিক পুড়ে যায় এবং আশপাশের ১০ থেকে ১২টি গাছেরও ব্যাপক ক্ষতি হয়েছে।
গতরাতে আনুমানিক রাত ১টার দিকে টিলারচর গ্রামের সেক আদেল (৬০), পিতা—মৃত সেক খোরশেদের ছাগলের ঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গভীর রাতে ছাগলের চিৎকার শুনে সেক আদেল ঘর থেকে বের হয়ে দেখতে পান, ছাগলের ঘরে আগুন জ্বলছে এবং তা দ্রুত পুরো ঘরে ছড়িয়ে পড়েছে। আগুন নেভানোর জন্য অনেক চেষ্টা করেও শেষ পর্যন্ত তা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। এতে ঘরটি সম্পূর্ণ পুড়ে যাওয়ার পাশাপাশি ভেতরে থাকা ৭টি ছাগলও আগুনে পুড়ে মারা যায়।
আগুনের তীব্রতায় পার্শ্ববর্তী আরও একটি ঘর আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। একই সঙ্গে আশপাশের প্রায় ১০ থেকে ১২টি গাছেরও ব্যাপক ক্ষতি হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছাগলের ঘরে জ্বালানো মশার কয়েল থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সংশ্লিষ্টদের তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।
হঠাৎ এ ঘটনায় পরিবারটিতে নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয়রা অসহায় পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন