
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী গতকাল শুক্রবার বিকালে চট্টগ্রামের সাতকানিয়ার কেরানিহাট সি ওয়ার্ল্ডের হলরুমে উপজেলা এনসিপি আয়োজিত মতবিনিময় ও যোগদান সভায় প্রধান অতিথির বক্তব্যে বললেন, ভারতের দালাল আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ)। আর একটা হলো মানুষের পকেট কেটে নেওয়া চাঁদাবাজ বিএনপি, বাংলাদেশটাকে নষ্ট করে দিয়েছে। এই নষ্টদের থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে। যদি এই নষ্টরা তাদের কার্যক্রম চালিয়ে যায় তাহলে আগামীকাল তারেক রহমানের সন্তান জাইমা রহমানও বিপদে পড়বে। কারণ, জাইমা রহমানও আগামীর ভবিষ্যৎ। আমাদের সমবয়সী প্রজন্ম।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আমরা দেখতে পেয়েছি, নির্বাচন কমিশনার এবং যিনি প্রতিমন্ত্রী, বিশিষ্ট চাঁদাবাজ মীর শাহে আলম; তিনি হা-ডু-ডু খেলছেন। নির্বাচন কমিশনার বলেন যে, আমরা নির্বাচন অতিদ্রুত দিয়ে দেবো। মীর শাহে আলম বলেন, কিছুই জানি না। নির্বাচন কমিশন বলে, রাজা-বাদশা মহোদয় আপনি যা বলেছেন তাহাই শিরোধার্য। পরে আবার মিটিং ডাকছে। নির্বাচন নিয়ে মিটিং হয়, দিন যায়, রাত আসে- কোনও সমাধান হয় না। সমাধান এক দফতরেই আটকে আছে, সেটা হলো বাংলাদেশের নব্য ফ্যাসিবাদের পাহারাদার তারেক রহমানের দফতর।
তিনি বলেন, আমরা বলতে চাই, আমরা অনেক কষ্ট-সাধনা করে এই বৈপ্লবিক পরিস্থিতি থেকে একটি গণতান্ত্রিক পরিস্থিতির দিকে যাত্রা করেছি। আমরা চেয়েছিলাম বাংলাদেশে সংস্কার হবে। আপনারা বলেছিলেন, আগে নির্বাচন দেন, তাহলে বাংলাদেশে সংস্কার হয়ে যাবে। যদি নির্বাচন দেন, তাহলে চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে। যদি নির্বাচন দেন, বাংলাদেশে দুর্নীতি বন্ধ হয়ে যাবে। নির্বাচন হয়ে গেলো, চাঁদাবাজি বেড়েই চলছে। নির্বাচন হয়ে গেলো, দুর্নীতি বেড়েই চলছে। নির্বাচন হয়ে গেলো, সন্ত্রাসী বেড়েই চলছে। এখন আমরা প্রশ্ন রাখতে চাই, এগুলো কারা করে?
