চান্দিনায় আওয়ামী লীগের ডাকা লকডাউনের প্রতিবাদে বি এন পির মোটরসাইকেল মিছিল

কুমিল্লার চান্দিনায় আওয়ামী লীগের ডাকা লকডাউনের প্রতিবাদে বিশাল মোটরসাইকেল মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) চান্দিনার মাটি ও মানুষের নেতা, সাবেক প্রতিমন্ত্রী ড. রেদোয়ান আহমেদের নির্দেশনায়  জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন বশির এবং চান্দিনা উপজেলা শাখা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ শরিফুজ্জামান শরিফের নেতৃত্বে এ প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।
বিপুলসংখ্যক মোটরসাইকেল নিয়ে মিছিলটি চান্দিনা পশ্চিম বাজার থেকে শুরু হয়ে থানা এলাকা অতিক্রম করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা অংশে পালকি সিনেমা হলের মোড় প্রদক্ষিণ করে। পরে মিছিলটি চান্দিনা মধ্যবাজারে এসে শেষ হয়।
মিছিল চলাকালে উপস্থিত সাধারণ মানুষ ও নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন বশির এবং চান্দিনা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ শরিফুজ্জামান শরিফ। তাঁরা তাঁদের বক্তব্যে আওয়ামী লীগের ডাকা লকডাউনের প্রতিবাদ জানান এবং নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চান্দিনা উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক মোঃ আনোয়ার পারভেজ শিমুল, কুমিল্লা বিশ্ব বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালিন ছাত্রদলের স়ভাপতি আবু নোমান, এনামূল হক সহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
মিছিলটি শান্তিপূর্ণভাবে চান্দিনা মধ্যবাজারে এসে শেষ হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন