
মাদকের ভয়াবহ বিস্তার আজ সমাজের জন্য এক গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে তরুণ ও শিক্ষার্থীদের একটি অংশ মাদকের ভয়াল থাবায় আক্রান্ত হচ্ছে। যে বয়সে শিক্ষার্থীদের হাতে থাকার কথা বই-খাতা, চোখে থাকার কথা সুন্দর ভবিষ্যতের স্বপ্ন, সেই বয়সেই কেউ কেউ জড়িয়ে পড়ছে মাদক সেবন ও অপরাধের অন্ধকার জগতে। এ পরিস্থিতি অব্যাহত থাকলে আগামী প্রজন্মের ভবিষ্যৎ মারাত্মক হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা সচেতন মহলের।
মাদক শুধু একজন ব্যক্তির জীবন ধ্বংস করে না, একটি পরিবারকে নিঃস্ব করে এবং সমাজের শান্তি-শৃঙ্খলা নষ্ট করে। মাদকাসক্তির কারণে অনেক তরুণ শিক্ষা থেকে ঝরে পড়ছে, অপরাধপ্রবণতায় জড়িয়ে পড়ছে এবং পরিবার ও সমাজের জন্য বোঝা হয়ে উঠছে। তাই মাদক সমস্যাকে আর কোনোভাবেই ছোট করে দেখার সুযোগ নেই।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মাদকের প্রবেশ ও বিস্তার রোধে কলেজ প্রশাসন, শিক্ষক, অভিভাবক এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে কাজ করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানকেন্দ্রিক মাদক সরবরাহকারী, বিক্রেতা ও তাদের পৃষ্ঠপোষকদের চিহ্নিত করে প্রমাণের ভিত্তিতে আইনের আওতায় আনতে হবে। কোনো রাজনৈতিক পরিচয়, প্রভাব কিংবা অর্থের দাপটে যেন মাদক কারবারিরা পার পেয়ে না যায়, তা নিশ্চিত করতে হবে।
বিশেষজ্ঞ ও সচেতন মহলের মতে, শুধু খুচরা মাদক বিক্রেতাদের গ্রেপ্তার করে মাদক নির্মূল সম্ভব নয়। মাদকের মূল সরবরাহকারী, অর্থের জোগানদাতা, পরিবহনকারী এবং নেপথ্যের গডফাদারদের চিহ্নিত করতে হবে। মাদক ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত করে পুরো নেটওয়ার্ক ভেঙে দিতে হবে। সীমান্তপথে মাদক প্রবেশ রোধেও কার্যকর নজরদারি বাড়ানো জরুরি।
আমি মতে, “বর্তমান ছাত্রসমাজের মধ্যে মাদকের বিস্তার ভয়াবহ উদ্বেগের বিষয়। জাতির ভবিষ্যৎ এই শিক্ষার্থীরা। তাদের কাছ থেকে দেশের অনেক প্রত্যাশা রয়েছে। অথচ মাদকের কারণে সেই সম্ভাবনাময় তরুণ সমাজ ধ্বংসের মুখে পড়ছে। শিক্ষাপ্রতিষ্ঠানে কারা মাদক ছড়াচ্ছে, কারা শিক্ষার্থীদের মাদকের দিকে ঠেলে দিচ্ছে, তাদের চিহ্নিত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিতে হবে।”
তিনি আরও বলেন, “মাদক নির্মূল করতে হলে মাদকের উৎপত্তিস্থল, সরবরাহব্যবস্থা ও ব্যবসার মূল নেটওয়ার্ক ধ্বংস করতে হবে। শুধু মাদকসেবী নয়, যারা মাদক ব্যবসা করে তরুণ প্রজন্মকে ধ্বংস করছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে। মাদক কারবারি যত প্রভাবশালীই হোক, আইনের ঊর্ধ্বে কেউ নয়।”
তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, মাদকবিরোধী অভিযান যেন লোকদেখানো না হয়। নিয়মিত অভিযান পরিচালনা, মাদক ব্যবসায়ীদের অর্থনৈতিক নেটওয়ার্ক অনুসন্ধান এবং নেপথ্যের পৃষ্ঠপোষকদের চিহ্নিত করতে হবে। পাশাপাশি মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।
সচেতন মহলের দাবি, এখনই মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। অন্যথায় মাদকের বিস্তার আগামী প্রজন্মকে আরও ভয়াবহ সংকটের দিকে ঠেলে দিতে পারে।
মাদক কারবারিদের বিরুদ্ধে আর কোনো শিথিলতা নয়—মাদক ব্যবসার মূল হোতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। তরুণ সমাজকে বাঁচাতে হলে মাদকের বিরুদ্ধে এখনই কঠোর অবস্থান নিতে হবে। মাদক নির্মূলে আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি সামাজিক প্রতিরোধ এবং পুনর্বাসন ব্যবস্থা জোরদার করা অত্যন্ত জরুরি। সমাজ ও তরুণ প্রজন্মকে রক্ষায় সমন্বিত উদ্যোগের বিকল্প নেই। লেখকঃ মীর হোসেন মোল্লা/সাংবাদিক ও কলামিস্ট।




