চান্দিনার বরকরই কৃতী সন্তান তানজিল মজুমদার এমবিবিএস ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণ

কুমিল্লার চান্দিনা উপজেলার বরকরই মজুমদার বাড়িতে বইছে আনন্দের সুবাতাস। পরিবারের মুখ উজ্জ্বল করে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অধীনে অনুষ্ঠিত এমবিবিএস ফাইনাল প্রফেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এ এলাকার কৃতী সন্তান তানজিল মজুমদার। তাঁর এ সাফল্যে পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে।
তানজিল মজুমদার বরকরই মজুমদার বাড়ির মোস্তাক হোসেন ও শামীমা আক্তার সুমি মজুমদার দম্পতির জ্যেষ্ঠ পুত্র। তিনি কুমিল্লার আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের (এএমসি) শিক্ষার্থী হিসেবে পরীক্ষায় অংশগ্রহণ করেন। গত ১৪ অক্টোবর ২০২৬ তারিখে প্রকাশিত ফলাফলে তাঁর নামের পাশে ‘ডিগ্রি অ্যাওয়ার্ডেড’ উল্লেখ রয়েছে।
গ্রামবাসীরা জানান-দীর্ঘদিনের অধ্যবসায়, ধৈর্য, ত্যাগ ও নিরলস পরিশ্রমের মধ্য দিয়ে এ সাফল্য অর্জন করেছেন তানজিল। চিকিৎসক হওয়ার স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার পথে তাঁর এ অর্জন একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। পরিবারের সদস্যদের ভালোবাসা, অনুপ্রেরণা ও দোয়া তাঁর এগিয়ে চলার পথকে আরও দৃঢ় করে  এ জন্য আমরা সবাই আনন্দিত।
নিজের এ সাফল্যের জন্য মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তানজিল মজুমদার। একই সঙ্গে তাঁর দীর্ঘ পথচলায় পাশে থাকা, সাহস জোগানো, দোয়া করা এবং তাঁর প্রতি বিশ্বাস রাখার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।
তানজিল বিশেষভাবে তাঁর বাবা-মায়ের ত্যাগ, দোয়া ও নিঃস্বার্থ ভালোবাসাকে নিজের সাফল্যের অন্যতম প্রধান অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেছেন। তাঁর মতে, এ অর্জন শুধু তাঁর একার নয়; এর সঙ্গে জড়িয়ে রয়েছে পরিবারের দীর্ঘদিনের ত্যাগ, ভালোবাসা ও প্রত্যাশা।
ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তানজিল জানান, একজন দক্ষ চিকিৎসক হওয়ার পাশাপাশি মানবিক গুণাবলিসম্পন্ন মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে চান তিনি। সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে মানুষের সেবা করাই তাঁর অন্যতম লক্ষ্য। চিকিৎসাসেবার মাধ্যমে অসহায় ও প্রয়োজনগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে চান তিনি। জীবনের নতুন অধ্যায়ে সবার কাছে দোয়া কামনা করেছেন এ নবীন চিকিৎসক।
চান্দিনার বরকরইয়ের সন্তান তানজিল মজুমদারের এ অর্জনে আনন্দিত তাঁর পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা। তাঁদের প্রত্যাশা, ভবিষ্যতে চিকিৎসাসেবায় দক্ষতা, সততা ও মানবিকতার পরিচয় দিয়ে তানজিল দেশ ও মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। তাঁর এ সাফল্য এলাকার তরুণ প্রজন্মকেও উচ্চশিক্ষা ও স্বপ্নপূরণের পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে বলে জানান।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন