
রাজশাহীর চারঘাট পৌরসভায় নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (IUGIP)-এর আওতায় পৌরসভা মাস্টার প্ল্যান (MP) প্রণয়নের লক্ষ্যে পরামর্শকরণ সভা-৩ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১১টায় চারঘাট পৌরসভা মিলনায়তন/সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক জান্নাতুল ফেরদৌস।
সভাটি উপস্থাপনা করেন জি-প্যাডের ডেপুটি টিম লিডার ও সিনিয়র আরবান প্ল্যানার সামাউন আল নুর। এতে আরও উপস্থিত ছিলেন সিনিয়র আরবান প্ল্যানার এস এম আব্দুল্লাহ আল মামুন, চারঘাট পৌরসভার প্রকৌশলী মজিবর রহমান, চারঘাট থানার তদন্ত কর্মকর্তা ইয়াকুব আলী, স্থানীয় সাংবাদিক এবং পৌরসভার নাগরিক ও সুধীজন।
সভায় বক্তারা বলেন, চারঘাট পৌরসভার ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনায় নাগরিকদের প্রয়োজন ও প্রত্যাশাকে গুরুত্ব দেওয়া হবে। পৌর এলাকার বিভিন্ন সড়কে পর্যাপ্ত লাইটিং ব্যবস্থা, রাস্তার পাশে ড্রেন নির্মাণ, পরিচ্ছন্নতা ব্যবস্থার উন্নয়নসহ নাগরিকসেবার বিভিন্ন বিষয়কে মাস্টার প্ল্যানে অন্তর্ভুক্ত করার বিষয়ে আলোচনা হয়।
বক্তারা আরও বলেন, পরিকল্পিত নগর ব্যবস্থাপনার মাধ্যমে পৌর এলাকার সড়ক, ড্রেনেজ, আলো, পরিচ্ছন্নতা ও অন্যান্য নাগরিক সুবিধার উন্নয়ন করা হলে সাধারণ মানুষের জীবনযাত্রা আরও সহজ হবে। এ ক্ষেত্রে স্থানীয় নাগরিকদের মতামত ও পরামর্শকে গুরুত্ব দেওয়ার কথাও তুলে ধরা হয়।
সভায় উপস্থিত নাগরিক ও সুধীজন বিভিন্ন বিষয়ে প্রশ্ন ও মতামত তুলে ধরেন। সংশ্লিষ্টরা এসব প্রশ্নের উত্তর দেন এবং নাগরিকদের পরামর্শ গ্রহণ করেন। পরে বিভিন্ন প্রশ্নোত্তর ও মতবিনিময়ের মধ্য দিয়ে পরামর্শকরণ সভাটি শেষ হয়।





