হবিগঞ্জ জেলার প্রথম ডিজিটাল সার্ভিস সেন্টার হিসেবে চুনারুঘাট উপজেলার রানীগাঁও বাজারে পূবালী ব্যাংক পিএলসির আধুনিক ইলেকট্রনিক ব্যাংকিং বুথ (Electronic Banking Booth) উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১০ আগস্ট ২০২৬) সকাল ১১টায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ আধুনিক ব্যাংকিং সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসির হবিগঞ্জ অঞ্চলের প্রধান সমবারু চন্দ্র মহন্ত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক চুনারুঘাট শাখার ব্যবস্থাপক বিরাজ চক্রবর্তী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান রিপন। এছাড়া অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ ফজলুল হক তরফদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী, ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রযুক্তিনির্ভর আধুনিক ব্যাংকিং সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে পূবালী ব্যাংকের এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নতুন এই ইলেকট্রনিক ব্যাংকিং বুথের মাধ্যমে রানীগাঁও বাজার ও আশপাশের এলাকার গ্রাহকরা আরও সহজে, দ্রুত ও সময় সাশ্রয়ীভাবে প্রয়োজনীয় ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন।
সংশ্লিষ্টরা জানান, ইলেকট্রনিক ব্যাংকিং বুথ চালু হওয়ায় গ্রাহকদের ব্যাংকের মূল শাখায় সরাসরি উপস্থিত হওয়ার প্রয়োজনীয়তা অনেকাংশে কমবে। এতে সময় ও ভোগান্তি কমার পাশাপাশি আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবার সুবিধা আরও বিস্তৃত হবে।
‘ক্যাশলেস রানীগাঁও বাজার’ শীর্ষক র্যালি
এদিকে ডিজিটাল লেনদেনকে উৎসাহিত করতে পূবালী ব্যাংক পিএলসি চুনারুঘাট শাখার উদ্যোগে রানীগাঁও বাজারে ‘ক্যাশলেস রানীগাঁও বাজার’ শীর্ষক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালিতে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় ব্যবসায়ী, শিক্ষার্থী, গণ্যমান্য ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এসময় অংশগ্রহণকারীরা ডিজিটাল লেনদেন, ক্যাশলেস পেমেন্ট এবং নিরাপদ ব্যাংকিং ব্যবস্থার প্রতি জনগণকে উৎসাহিত করেন।
আয়োজকরা বলেন, নগদ অর্থের ব্যবহার কমিয়ে ডিজিটাল লেনদেনের প্রসার ঘটানো এবং দ্রুত, স্বচ্ছ ও নিরাপদ ব্যাংকিং ব্যবস্থা গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
রানীগাঁও বাজারে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ চালু হওয়ায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকরা সন্তোষ প্রকাশ করেছেন। তাদের মতে, আধুনিক এ সেবা চালুর ফলে ব্যবসায়ী ও গ্রাহকদের ব্যাংকিং কার্যক্রম আরও সহজ, দ্রুত ও সময় সাশ্রয়ী হবে।



