
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার, কিশোর গ্যাং প্রতিরোধ এবং বিভিন্ন অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় কুমিল্লা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে সম্মাননা পদক পেয়েছেন চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নূরুজ্জামান। গত ৭ অক্টোবর ২০২৬ তারিখে সেপ্টেম্বর মাসের কর্মদক্ষতার মূল্যায়নের ভিত্তিতে তিনি এ সম্মাননা অর্জন করেন।
চান্দিনা থানা সূত্রে জানা যায়, সেপ্টেম্বর ২০২৬ মাসে থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হয়। এ সময়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণসহ বিভিন্ন অপরাধে মোট ৩৭টি মামলা রুজু করা হয়েছে। এর মধ্যে মাদক মামলাই রয়েছে ২৩টি। এছাড়া নারী ও শিশু নির্যাতনসহ অন্যান্য অপরাধে মামলা রুজু এবং অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশের তৎপরতা অব্যাহত ছিল।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর মাসে চান্দিনা থানা পুলিশ বিভিন্ন মামলায় মোট ২৩২ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারদের মধ্যে জিআর মামলায় সাধারণ গ্রেপ্তার ১৪ জন ও সাজাপ্রাপ্ত ৩৬ জন, সিআর মামলায় সাধারণ গ্রেপ্তার ৩৪ জন ও সাজাপ্রাপ্ত ৩৬ জন, মাদক মামলায় ২৯ জন এবং নিয়মিত মামলায় ১২ জন রয়েছেন। এছাড়া পুলিশ আইনের ৩৪ ধারায় ৯ জনকে গ্রেপ্তার করা হয়। মোবাইল কোর্টের মাধ্যমে গ্রেপ্তার করা হয়েছে ৪০ জনকে। একই সময়ে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৭০ জনকে আটক/মুচলেকা নেওয়া হয়েছে।
চান্দিনা থানার ওসি মোঃ নূরুজ্জামান বলেন, “চান্দিনা থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা দিন-রাত পরিশ্রম করে যাচ্ছি। জনগণের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান দায়িত্ব।” তিনি আরও বলেন, “গত মাসে চান্দিনা থানা এলাকায় কোনো ধরনের চুরি বা ডাকাতির ঘটনা সংঘটিত হয়নি—এটি আমাদের জন্য যেমন স্বস্তির, তেমনি জনগণের জন্যও আনন্দের বিষয়।”
তিনি বলেন, মাদক, কিশোর গ্যাং, চুরি-ডাকাতিসহ যেকোনো অপরাধের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন তিনি।
চান্দিনা থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ধারাবাহিক সাফল্য এবং অপরাধ দমনে সক্রিয় ভূমিকার স্বীকৃতি হিসেবে জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মোঃ নূরুজ্জামানকে অভিনন্দন জানিয়েছেন।





