চৌহালীতে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন

“রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের চৌহালীতে  জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় মৎস্য পক্ষ চলবে ১৬ থেকে ১৮ আগস্ট পর্যন্ত।
রোববার (১৬ আগস্ট) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা  মৎস্য কর্মকর্তার আয়োজনে উপজেলা চত্বরে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের অস্থায়ী চৌহালী সরকারি কলেজ পুকুরে ৩০ কেজি মাছের পোনা অবমুক্ত করেন, চৌহালী উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান শাকিল ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান শাকিলের  সভাপতিত্বে ও উপজেলা মৎস্য অফিসের সিনিয়র ক্ষেত্র সহকারী মোঃ শফিকুল ইসলাম শফির পরিচালনায় উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম ।
অনুষ্ঠানে বক্তারা  বলেন, চৌহালীর বিস্তীর্ণ জলাশয় মৎস্য সম্পদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব নদী-জলাশয়ের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা করতে হবে। মাছের প্রজনন ও বংশবিস্তারের সময় অবৈধভাবে মাছ শিকার বন্ধ করতে প্রশাসন, মৎস্য বিভাগ, জেলে ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
মৎস্যচাষীদের উদ্দেশে বক্তারা বলেন, চাষীদের প্রশিক্ষণ, প্রয়োজনীয় পরামর্শ ও প্রযুক্তিগত সহায়তা দেওয়ার পাশাপাশি মৎস্য খাতের সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। এতে স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলে মাছ সরবরাহ করে অর্থনৈতিকভাবে লাভবান হওয়া সম্ভব।
স্বাগত বক্তব্যে মৎস  কর্মকর্তা রফিকুল ইসলাম  বলেন, বর্তমানে বাংলাদেশ মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। রাজশাহী বিভাগও অভ্যন্তরীণ মৎস্য উৎপাদনে দেশের মধ্যে গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। চৌহালীর যমুনা ও ছোট নদীতেও বিভিন্ন প্রজাতির মাছের আধিক্য লক্ষ্য করা যাচ্ছে।
আলোচনা সভায় জানানো হয়, দেশের খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি, বৈদেশিক মুদ্রা অর্জন এবং আর্থ-সামাজিক উন্নয়নে মৎস্য খাতের ভূমিকা অপরিসীম। বর্তমানে দেশে মাছের উৎপাদন প্রায় ৫১ দশমিক ১১ লাখ মেট্রিক টন। প্রায় ১৪ লাখ নারীসহ দুই কোটির বেশি মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এ খাতের ওপর নির্ভরশীল।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ জাহিদ মোল্লা,সাধারণ সম্পাদক ক্বারী ময়নুল ইসলাম,থানার এস,আই মেহেদী হাসান, খাষপুখুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আনিছ শিকদার, বিআরডিপির চেয়ারম্যান মোঃ কামরুল ইসলাম,  সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা  মৎস্যচাষী, মৎস্যজীবী, মৎস্য ব্যবসায়ী, মৎস্য খাতের উদ্যোক্তা ও গণমাধ্যমকর্মীরা।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন