জমির বিরোধে ভোররাতে ভেকু দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো বসতবাড়ি ১৪ জনের বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জমি ছাড়তে রাজি না হওয়ায় একটি পরিবারের বসতবাড়ি ও স্বজনদের স্থাপনা ভেকু দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগে সিদ্ধিরগঞ্জ থানা একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী পরিবার। এ ঘটনায় লুটপাট ও ক্ষয়ক্ষতির পরিমাণ ১ কোটি ৫২ লাখ টাকার বেশি বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হলেও মঙ্গলবার রাত পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

মামলার আসামিদের মধ্যে রয়েছেন, মো. শাহিন স্বর্ণকার (৪০), মো. সজীব (৪০), নারায়ণগঞ্জ জেলা জিয়া সৈনিক দলের সভাপতি মো. গোলাম মোস্তফা সুমন (৪০), মো. বিল্লাল (৩২), ছাত্রদল নেতা মো. কাদের (৩০), সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রবিন (২৮), মো. মেহের আলী (৩৫), মোহাম্মদ আলী (৩০), মো. সবুজ (২৮), মো. হৃদয় (২৫), মো. শরীফ (২৭), মো. প্রিতম (২৫), সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির যুববিষয়ক সম্পাদক মো. মাহাবুব (৩৫) ও মো. জসিম (৬০)।
মামলা ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোর ৪টার দিকে হিরাঝিল এলাকার ৮ নম্বর রোডের মা ভিলা বাড়িতে এ ঘটনা ঘটে। বাড়ির মালিক সুলতানা ওমর স্বাধীনা (৫৫) বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেন।
বাদীর অভিযোগ, স্বামী মারা যাওয়ার পর সন্তানদের নিয়ে ওই বাড়িতে থাকেন তিনি। প্রায় ছয় মাস ধরে অভিযুক্তদের একজন শাহিন জমি বিক্রি করে চলে যাওয়ার জন্য চাপ দিচ্ছিলেন। রাজি না হওয়ায় তাঁকে হয়রানি ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। একপর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্রসহ ভেকু ও ট্রাক নিয়ে হামলা চালিয়ে তাঁর টিনশেড বসতবাড়িটি গুঁড়িয়ে দেওয়া হয়। এ সময় স্বর্ণালংকার, আসবাবপত্র, ইলেকট্রনিকস পণ্য ও জমির মূল দলিলসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র লুট করা হয়।
একই রাতে তাঁর বড় ভাই জয়নাল আবেদীন ভূঁইয়ার বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানো হয় এবং ছোট ভাই গোলাম মোস্তফা ভূঁইয়ার বেকারিটিও ভেকু দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। এতে প্রায় ৭৬ লাখ টাকার যন্ত্রপাতি ও মালামাল এবং নগদ টাকা লুটের অভিযোগ করা হয়েছে। বাধা দিতে গেলে ভাড়াটিয়া ও কর্মচারীদের মারধর ও কুপিয়ে জখম করা হয় বলে দাবি ভুক্তভোগীদের।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক জানান, মামলা নেওয়া হয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নিয়েছেন।
মারুফ হোসেন (তুষার)

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন