জমি দখল গোপন বৈঠক এর অভিযোগ:মিথ্যা দাবি সাবেক উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান এর

জামালপুরের মেলান্দহ উপজেলার সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার কামরুজ্জামানের বিরুদ্ধে পৈতৃক সম্পত্তি দখল এবং গোপন বৈঠকের অভিযোগ তুলে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন প্রতিবেশী সুলতান মাহমুদ নামের এক ব্যক্তি। এর জবাবে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেই পাল্টা পোস্ট দিয়ে অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন কামরুজ্জামান। জমির বৈধ দলিল ও প্রশাসনিক নথিপত্রের বিবরণ তুলে ধরে তিনি নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন।
এর আগে সুলতান মাহমুদ তার ফেসবুক পোস্টে দাবি করেন, সাবেক সরকারের আমলে কামরুজ্জামান জোরপূর্বক তার পৈতৃক সম্পত্তিতে ভবন নির্মাণ করেছেন এবং এখনো ওই বাড়িতে অবস্থান করে দলীয় লোকজন নিয়ে গোপন বৈঠকের মাধ্যমে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছেন। তিনি দ্রুত কামরুজ্জামানকে গ্রেপ্তারের দাবি জানান।
এ অভিযোগের প্রেক্ষিতে ইঞ্জিনিয়ার কামরুজ্জামান তার ফেসবুক পোস্টে জানান, সুলতান মাহমুদের অভিযোগের কোনো ভিত্তি নেই। জমির মালিকানার ইতিহাস তুলে ধরে তিনি উল্লেখ করেন, যে জমির ওপর বাড়ি নির্মিত হয়েছে, সেটির সিএস রেকর্ড অনুযায়ী মালিক ছিলেন নিঃসন্তান দিনু মোল্লা (সিএস খতিয়ান ২৮৭, দাগ ৫৫১)। দিনু মোল্লা ১৯৭০ সালে ১৯৯ নম্বর দলিলমূলে ভাতিজা শরাফত আলী মোল্লার কাছে জমিটি হস্তান্তর করেন। পরবর্তীতে শরাফত মোল্লার নামে বি আরএস রেকর্ড চূড়ান্ত হয় এবং খারিজ খতিয়ান (খতিয়ান ৪৭৩, দাগ ১৩৯৪, ১৩৯৫, ১৩৯৬) সম্পন্ন হয়। ২০০০ সালে ৩০২৩ নম্বর সাব-কবলা দলিলের মাধ্যমে ১৩৯৪ নম্বর দাগের সাড়ে ১৭ শতাংশ জমি শরাফত মোল্লার কাছ থেকে ক্রয় করেন কামরুজ্জামান। ক্রয়ের পর তিনি নামজারি ও খাজনা-দাখিলা নিয়মিত করেছেন। প্রায় ২০ বছর জমিটি পতিত পড়ে থাকার পর সেখানে বাড়ি নির্মাণ করে বসবাস শুরু করেন বলে পোস্টে জানান তিনি।
পোস্টে তিনি আরও দাবি করেন, তার জমির খারিজ খতিয়ান বাতিলের দাবিতে ভূমি অফিসে একটি মিস কেস করা হয়েছিল। শুনানি শেষে সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ড মিস কেসটি খারিজ করে তার খারিজ খতিয়ান বহাল রাখেন।
অন্যদিকে, গত ২২ অক্টোবর সুলতান মাহমুদ তাকে বাসার ভেতরে রেখে বাইরে থেকে গেটে তালা ঝুলিয়ে দিয়ে মেলান্দহ থানায় খবর দেন বলে পোস্টে অভিযোগ করেন কামরুজ্জামান। তার ভাষ্য অনুযায়ী, পুলিশ ঘটনাস্থলে এসে অভিযোগের সত্যতা না পেয়ে গেটে তালা দেওয়ার বিষয়ে সুলতান মাহমুদকে জিজ্ঞাসাবাদ করে এবং স্থানীয় লোকজন জড়ো হলে তিনি সেখান থেকে চলে যান।
বিগত সময়ের প্রসঙ্গ টেনে ফেসবুক পোস্টে কামরুজ্জামান দাবি করেন, ২০২৪ সালের ৫ আগস্ট বিকেলে তিনি বাসায় থাকাকালে তার বাড়ি লক্ষ্য করে গুলি, ককটেল ও পেট্রোল বোমা নিক্ষেপ করা হয় এবং বাড়ির মালামাল লুটপাট করা হয়। পরবর্তীতে মেলান্দহ থানার একটি মামলায় প্রায় সাড়ে চার মাস কারাভোগের পর তিনি হাইকোর্ট থেকে জামিনে মুক্ত হন। বর্তমানে তিনি বাড়িতে নীরবে অবস্থান করছেন বলে জানান।
প্রায় সোয়া পাঁচ বছর মেলান্দহ উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পালনকালে (২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত) কোনো ধরনের দুর্নীতি, অনিয়ম বা অবৈধ সম্পত্তি আত্মসাতের অভিযোগ তার বিরুদ্ধে ওঠেনি বলেও ফেসবুক পোস্টে উল্লেখ করেন ইঞ্জিনিয়ার কামরুজ্জামান।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

টঙ্গীতে আ.লীগের নৈরাজ্য প্রতিহত করতে যুবদল-স্বেচ্ছাসেবক দলের মোটরসাইকেল মহড়া

গাজীপুরের টঙ্গীতে পোশাকশ্রমিকদের আন্দোলনের নামে আ.লীগ ও ছাত্রলীগের অগ্নিসন্ত্রাস, হামলা-ভাঙচুর