
গাজীপুরের জয়দেবপুরে অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ছয় রাউন্ড তাজা গুলিসহ মো. রাসেল রানা (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৪টা ৪০ মিনিটে জয়দেবপুর থানার জানাকুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এসআরবি-১-এর গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্পের সদস্যদের সঙ্গে সিপিএসসি, গাজীপুর এবং সিপিসি-১, উত্তরা, ঢাকার একটি যৌথ আভিযানিক দল এতে অংশ নেয়।
এসআরবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানের সময় রাসেল রানার নিজ বসতবাড়ির শয়নকক্ষ থেকে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন, ছয় রাউন্ড তাজা গুলি এবং একটি ব্ল্যাঙ্ক কার্তুজ উদ্ধার করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রাসেল রানা দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার করে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে চাঁদাবাজিসহ নানা অপকর্মে জড়িত ছিলেন বলে তথ্য ছিল আইনশৃঙ্খলা বাহিনীর কাছে। এছাড়া গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, জানাকুর এলাকায় অস্ত্র প্রদর্শন করে চাঁদাবাজি করা হচ্ছিল এবং চাঁদা দিতে অস্বীকৃতি জানালে হত্যার হুমকি দেওয়া হতো বলে অভিযোগ রয়েছে।
এসব তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে এসআরবি।
গ্রেপ্তার রাসেল রানা জয়দেবপুর থানার জানাকুর এলাকার আসাদ উল্লার ছেলে।
এ ঘটনায় উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।





