জয় চায় মরিয়া বাংলাদেশ

থাইল্যান্ডের বিপক্ষে দুই গোলে লিড নিয়েও ৩-২ ব্যবধানে হার, চীনের বিপক্ষে ম্যাচে ২-০ গোলে হারলেও লড়াইয়ের রসদ ছিল। প্রথম দুই ম্যাচের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপে আজ ভিয়েতনামকে হারাতে চায় বাংলাদেশ। তা করলে মিলতে পারে পরের রাউন্ডের টিকিট।

বাংলাদেশ থাইল্যান্ডের কাছে হেরেছে ৩-২ গোলে, ভিয়েতনাম দেশটির কাছে হেরেছে ৪-১ গোলে। বাংলাদেশকে ২-০ গোলে হারিয়েছে চীন, এশিয়ান পরাশক্তিদের কাছে ভিয়েতনাম হেরেছে ৩-০ গোলের ব্যবধানে। আগের দুই ম্যাচের সমীকরণের কারণে বাংলাদেশ আশাবাদী হতেই পারে। কিন্তু শুধু আশার ভেলা ভাসালেই হবে না। মাঠে নিজেদের শক্তির প্রমাণ দিতে হবে। বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দলের সহকারী কোচ আবুল হোসেন আজ সেই পরীক্ষাই দিতে চান।

১২ জাতির আসরের প্রাথমিক পর্বের খেলা হচ্ছে তিন গ্রুপে। প্রতি গ্রুপের শীর্ষ দুটি করে দল পরের রাউন্ডের টিকিট পাবে। তাদের সঙ্গী হয়ে নকআউট পর্বের টিকিট পাবে তিন গ্রুপের তৃতীয় স্থানে

থাকা দলগুলোর মধ্যে শীর্ষ দুটি। ভিয়েতনামকে হারাতে পারলে বাংলাদেশ সেই সুযোগটা নেওয়ার দৌড়ে ভালোভাবেই থাকবে।‘ভিয়েতনামের বিপক্ষে মেয়েরা কীভাবে খেলবে, সে অনুযায়ী প্রস্তুতি নিয়েছি। খেলোয়াড়দের বোঝাতে সক্ষম হয়েছি, ম্যাচে আমাদের সেরাটা দিতে হবে; সবাই চেষ্টা করব, নিজেদের সেরাটা দেওয়ার’—ভিয়েতনাম পরীক্ষার আগে বলছিলেন আবুল হোসেন। এই কোচ যোগ করেন, ‘মেয়েদের নিয়ে আমরা কোচেরা সবসময় আত্মবিশ্বাসী এবং তারাও আত্মবিশ্বাসী। কারণ, ম্যাচ বাই ম্যাচ তারা ভালো করেছে। আমরা দুইটা ম্যাচ হেরেছি; কিন্তু তারা চেষ্টা করেছে সেরাটা দেওয়ার। গ্রুপে নিজেদের শেষ ম্যাচ জিতে পরের ধাপে যাওয়ার সম্ভাবনা আমাদের আছে। মেয়েরা উদ্বুদ্ধ যে, তারা ম্যাচটা জিতবেই।’ দলের ভেতরের অবস্থা সম্পর্কে আবুল হোসেন বলছিলেন, ‘খেলোয়াড়দের বাড়তি কোনো চাপ নেই। আমরা বলেছি, তাদের সেরাটা দেওয়ার জন্য। জিততেই হবে—এমন কোনো বাড়তি চাপ দিচ্ছি না। বলেছি, তোমরা যদি স্বাভাবিক খেলা খেলো, সেরাটা দিয়ে খেলতে পার, তাহলে ম্যাচে আমরা জিতব ইনশাআল্লাহ।’

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন