
এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত এবং সফলভাবে কৃতকার্য শিক্ষার্থীদের উৎসাহিত করতে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুরে বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) জামালপুর ডিগ্রি কলেজ মাঠে কলেজ কর্তৃপক্ষের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে কালীগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এবারের এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত এবং কৃতকার্য শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালপুর ডিগ্রি কলেজ গভর্নিং বডির সভাপতি হাজী জাহাঙ্গীর কবীর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম, কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক মাস্টার হুমায়ুন কবীর, সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, সাবেক সাধারণ সম্পাদক সোলায়মান আলম, সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান খান লাভলু, জামালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হারুনুর রশিদ দেওয়ানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়া অনুষ্ঠানে কালীগঞ্জে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের সাফল্যকে স্মরণীয় করে রাখা এবং ভবিষ্যৎ শিক্ষাজীবনে তাদের আরও উৎসাহিত করতেই এ সংবর্ধনার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য বিশেষ আকর্ষণীয় উপহারেরও ব্যবস্থা করা হয়।




