ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নের গাগান্না গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। সোমবার (১৮ মে) ভোর সকাল ৬টার দিকে নিজ বাড়িতে ধান উড়ানোর সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন গাগান্না গ্রামের মৃত তেহের আলী খাঁর ছোট ছেলে মজিবর খাঁ (৬০) এবং তার স্ত্রী মোমেনা বেগম (৫৫)।
স্বজনরা জানান, ভোরে বাড়িতে ইলেকট্রিক ফ্যান দিয়ে ধান উড়ানোর কাজ করছিলেন মজিবর খাঁ। এ সময় ফ্যানে বিদ্যুৎ সংযোগ দেওয়ার পর সেটি চালু না হওয়ায় তিনি ফ্যানটি পরীক্ষা করতে যান। হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফ্যানটি তার বুকের ওপর পড়ে যায়। স্বামীকে বাঁচাতে এগিয়ে গেলে স্ত্রী মোমেনা বেগমও বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তাদের দুজনের মৃত্যু হয়।
একই সঙ্গে স্বামী-স্ত্রীর মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আসাদুজ্জামান জানান, হলিধানী ইউনিয়নের গাগান্না গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে। পরবর্তী তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



