ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে পিকআপ, মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত

বুধবার (২৬ আগস্ট) সকাল ৯টার দিকে পঞ্চগড়-ঠাকুরগাঁও মহাসড়কের ভূল্লী উপজেলার কচুবাড়ী পোস্ট অফিস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—ভূল্লী উপজেলার বড় বালিয়া এলাকার শাহজাহান আলীর স্ত্রী আনোয়ারা বেগম (৪৫) এবং ঠাকুরগাঁও সদর উপজেলার শুকানপুকুরী এলাকার অটোরিকশাচালক জীবন অধিকারী (৪০)

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে পঞ্চগড়ের দিকে যাচ্ছিল একটি মালবাহী পিকআপ। কচুবাড়ী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে পিকআপটির সংঘর্ষ হয়। এতে কয়েকজন আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আনোয়ারা বেগম ও জীবন অধিকারীর মৃত্যু হয়। গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতরা ঠাকুরগাঁও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

খবর পেয়ে ভূল্লী থানা পুলিশ ও বোদা হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে।

এ ঘটনায় পিকআপচালক মো. হাবিবুর রহমান (২৪)-কে পিকআপসহ আটক করেছে পুলিশ। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিশেষ দ্রষ্টব্য: দুর্ঘটনাটি পঞ্চগড়ের বোদা উপজেলায় নয়; এটি ঠাকুরগাঁও জেলার ভূল্লী উপজেলায় ঘটেছে। ঘটনাস্থলে বোদা হাইওয়ে থানার পুলিশ উপস্থিত হওয়ায় পঞ্চগড়ের সঙ্গে বিষয়টির সংশ্লিষ্টতা রয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন