ঠাকুরগাঁওয়ে ত্রিমুখী সংঘর্ষে দুই নারী নিহত, আহত ৫

 ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে পিকআপ, মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে দুই নারী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন।
বুধবার (২৬ আগস্ট) সকালে পঞ্চগড়-ঠাকুরগাঁও মহাসড়কের ভূল্লী উপজেলার কচুবাড়ী পোস্ট অফিস পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ভূল্লী উপজেলার বড় বালিয়া এলাকার শাহজাহান আলীর স্ত্রী আনোয়ারা বেগম (৪৫) এবং লাইলী বেগম। লাইলী বেগমের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
দুর্ঘটনায় আহতদের মধ্যে রয়েছেন মোটরসাইকেলচালক লক্ষ্মীরহাট বাজার এলাকার ইদ্রিস আলীর ছেলে হারুনুর রশিদ (৩৮), অটোরিকশাচালক কিসমত কেশুরবাড়ি এলাকার হাফিজুল ইসলামের ছেলে সাহিরুল ইসলাম (২৩), বড় বালিয়া এলাকার জরিনা (৪০) এবং ঠিকানা না জানা শফিকুল ইসলাম। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা যায়, সকালে ঢাকা থেকে পঞ্চগড়ের দিকে যাচ্ছিল একটি মালবাহী পিকআপ। কচুবাড়ী পোস্ট অফিস পাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে পিকআপটির সংঘর্ষ হয়।
এতে তিনটি যানবাহনই ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলেই দুই নারী নিহত হন এবং কয়েকজন আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো সরিয়ে নেওয়ার ব্যবস্থা করে।
দুর্ঘটনার কারণ ও দায় নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন