
সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, বিএনপি সাম্প্রদায়িকতা বিরোধী দল। বিএনপি সাম্প্রদায়িকতা বিরোধী দল, বিএনপি বৈষম্যের মাঝে সাম্যতা প্রতিষ্ঠা করতে চায়। এ কারণে গত সংসদ নির্বাচনে দেশের হিন্দু সম্প্রদায়ের মানুষ ধানের শীষে ভোট দিয়ে সরকার গঠনের সুযোগ দিয়েছেন। আমাদের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি হাজারো বছরের পুরনো। পতিত সরকার নোংরামি দিয়ে সেই সংস্কৃতিকে নষ্টের চেষ্টা করেছে। বার্তমান সরকার ৫১টি দেশের সাথে কুটনৈতিক সাংস্কৃতিক বন্ধন সৃষ্টি করেছে। পাবনা সংস্কৃতিতে সমৃদ্ধ একটি জেলা। পাবনা সহ দেশের সংস্কৃতিকে আরো কিভাবে সমৃদ্ধ করা যায়, সেটি আমাদের সরকার দেখবে। আমরা বৈচিত্রের এই দেশেও সংস্কৃতি দিয়ে ঐক্য স্থাপন করতে চাই। ঠাকুর অনুকূল চন্দ্রের বানী সম্পর্কে বলতে গিয়ে মন্ত্রী বলেন, সব ধর্মের ধর্মীয় গ্রন্থে যে সকল বাণী রয়েছে তা মানবকল্যাণের জন্য। ঠাকুর অনুকূল চন্দ্র যেসব উপদেশ দিয়েছেন, সেসবও মানবকল্যাণের। উনি জাতপাতের ভেদাভেদে বিশ্বাস করতেন না। সারাজীবন মানবতার বন্দনা করেছেন। একারণে গোটা উপমহাদেশ ছাড়িয়ে পৃথিবীর সমস্ত জায়গায় ঠাকুরের বন্দনায় রয়েছে ভক্তরা। পাবনার হিমাইতপুর সৎসঙ্গ আশ্রমে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৯ তম শুভ আবির্ভাব তিথি ও ভাগীরথী পদ্মায় পূর্ণস্নান মহোৎসব অনুষ্ঠানের দ্বিতীয়দিনের প্রথম পর্বে রোববার রাতে ভক্তানুরাগীদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশেষ অতিথির বক্তব্যে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম বলেন, ঠাকুরের যে মহৎ আদর্শ ও মহানুভবতা, সেগুলো আজও উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে আছে। ধর্ম, বর্ণ ও রাজনীতির নামে যে মতপার্থক্য সেটিকে ঠাকুর অনুকূল চন্দ্র পার্থক্য করে দেখেননি। সবাইকে মানুষ হিসেবে মর্যাদা দিতে চেয়েছেন। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও এই বিভেদ বা বিভাজন দেখতে চান না। সবার মাঝে ঐক্য দেখতে চান। সৎসঙ্গ কেন্দ্রীয় আশ্রমের সভাপতি প্রাণশঙ্কর দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন পাবনা সদর আসনের সংসদ সদস্য এ্যাড. শামসুর রহমান শিমুল বিশ্বাস। এছাড়া এসময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার শাখাওয়াত হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, সদস্য সচিব এ্যাড. মাসুদ খন্দকার প্রমূখ।
