
ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কাকনী ইউনিয়নের ডিমুর বিল এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে খাল পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার এর কার্যক্রমের উদ্বোধন করেন তারাকান্দা-ফুলপুর আসনের সংসদ সদস্য মুফতি মুহাম্মদুল্লাহ এমপি।
উদ্বোধনের পর শুধু আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের সূচনা করেই থেমে থাকেননি সংসদ সদস্য। তিনি নিজেই খালের পানিতে নেমে কচুরিপানা পরিষ্কারে অংশ নেন এবং নিজের হাতে কচুরিপানা তুলে ফেলেন। জনপ্রতিনিধির এমন সরাসরি অংশগ্রহণ উপস্থিত স্থানীয় বাসিন্দা ও কৃষকদের মধ্যে উৎসাহ সৃষ্টি করে।
এ সময় মুফতি মুহাম্মদুল্লাহ এমপি বলেন, “ডিমুর বিল এলাকার কৃষকরা প্রতি বছর বর্ষায় জলাবদ্ধতার কারণে ক্ষতিগ্রস্ত হন। জনগণের দুর্ভোগ লাঘবেই এই খাল পরিষ্কার কার্যক্রম শুরু করা হয়েছে। পর্যায়ক্রমে তারাকান্দার সব জলাবদ্ধতাপ্রবণ এলাকায় এমন উদ্যোগ নেওয়া হবে।”
তিনি স্থানীয়দেরও এ ধরনের জনকল্যাণমূলক কাজে এগিয়ে আসার আহ্বান জানান।
এমপির সরাসরি খালে নেমে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেওয়ার বিষয়টি রাজনৈতিক ও সামাজিক মহলে প্রশংসা পেয়েছে। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বও এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন।
এনসিপির পক্ষ থেকে সংসদ সদস্যের এমন উদ্যোগকে অভিনন্দন জানিয়েছেন যুবশক্তি তারাকান্দা উপজেলার সিনিয়র যুগ্ম সদস্য সচিব আনিছুর রহমান। তিনি বলেন, “বাংলাদেশের প্রত্যেক জনপ্রতিনিধি যদি এমপি মহোদয়ের মতো নিজ উদ্যোগে উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কাজে সরাসরি অংশগ্রহণ করেন, তাহলে দেশে রাজনীতির একটি নতুন ধারা সৃষ্টি হবে। জনপ্রতিনিধিরা জনগণের পাশে থেকে কাজ করলে দেশের মানুষের কল্যাণ ও উন্নয়ন আরও গতিশীল হবে।”
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, কৃষক ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
স্থানীয়রা জানান, খালটি পরিষ্কার হওয়ায় বর্ষাকালে পানি নিষ্কাশন সহজ হবে। এতে ডিমুর বিল এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা কমার পাশাপাশি কয়েকশ একর কৃষিজমি দ্রুত চাষাবাদের উপযোগী হবে বলে আশা করছেন তারা।




