তারাকান্দায় জাতীয় যুবশক্তির উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ ও বৃক্ষরোপণ

ময়মনসিংহের তারাকান্দায় জাতীয় যুবশক্তি তারাকান্দা উপজেলা শাখার উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৩টায় উপজেলার কামারগাঁও ইউনিয়নে লিটন একাদশ ও ইব্রাহিম একাদশের মধ্যে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় লিটন একাদশকে ৩-২ গোলে পরাজিত করে ইব্রাহিম একাদশ বিজয়ী হয়।
খেলা শেষে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন জাতীয় যুবশক্তি তারাকান্দা উপজেলা শাখার আহ্বায়ক হামিদুল হক।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় যুবশক্তি তারাকান্দা উপজেলা শাখার মুখ্য সংগঠকসহ উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় নেতাকর্মীরা।
প্রীতি ফুটবল ম্যাচ শেষে আয়োজকরা স্থানীয়দের নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন। এ সময় নেতৃবৃন্দ বাংলাদেশের সবুজায়ন ও পরিবেশ রক্ষায় প্রত্যেককে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান।
জাতীয় যুবশক্তি তারাকান্দা উপজেলা শাখার নেতৃবৃন্দ জানান, তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা এবং সামাজিক ও পরিবেশবান্ধব কার্যক্রমকে এগিয়ে নিতে তারাকান্দার বিভিন্ন ইউনিয়নে ধারাবাহিকভাবে ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হবে। পাশাপাশি বৃক্ষরোপণে মানুষকে উৎসাহিত করতে প্রতিটি ইউনিয়নে বিভিন্ন ধরনের বিকল্প কর্মসূচিও গ্রহণ করা হবে।
আয়োজকরা বলেন, তরুণদের খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করার পাশাপাশি পরিবেশ রক্ষায় সামাজিক সচেতনতা সৃষ্টি করাই এসব কর্মসূচির মূল লক্ষ্য।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন