
ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় ঐতিহ্যবাহী শহীদ মিনার অবৈধ দখলমুক্ত করা এবং শহীদ মিনার সংলগ্ন স্থানে গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তারাকান্দা উপজেলা শাখার সদস্য সচিব ইউনুস শেখ।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর একটি খোলা চিঠির মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন তিনি।
আবেদনে ইউনুস শেখ উল্লেখ করেন, ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতিবিজড়িত শহীদ মিনারটি কতিপয় ব্যক্তি অবৈধভাবে দখল করে রেখেছেন। পাশাপাশি শহীদ মিনার সংলগ্ন এলাকায় দোকানপাট ও বিভিন্ন স্থাপনা গড়ে ওঠায় এর স্বাভাবিক পরিবেশ, সৌন্দর্য ও ঐতিহাসিক মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসসহ বিভিন্ন জাতীয় দিবসে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসা সাধারণ মানুষকে নানা ধরনের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। শহীদ মিনারের মতো গুরুত্বপূর্ণ ও পবিত্র স্থানে এ ধরনের বাণিজ্যিক কার্যক্রম কোনোভাবেই কাম্য নয়।
খোলা চিঠিতে বিষয়টি সরেজমিনে তদন্ত করে শহীদ মিনারকে অবৈধ দখলমুক্ত করা, অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ এবং ভবিষ্যতে পুনরায় দখল ঠেকাতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়েছে।
ইউনুস শেখ আশা প্রকাশ করেন, শহীদ মিনারের ঐতিহাসিক মর্যাদা ও পবিত্রতা রক্ষায় উপজেলা প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।

