তারেক রহমানের বাগেরহাট আগমন উপলক্ষে চিতলমারী উপজেলা মহিলা দলের প্রস্তুতি সভা ও আনন্দ র‍্যালি অনুষ্ঠিত

দীর্ঘ ১৭ বছরের রাজনৈতিক জুলুম-নিরীক্ষা ও স্বৈরাচারের অবসানের পর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঐতিহাসিক বাগেরহাট শুভাগমন উপলক্ষে বাগেরহাটের চিতলমারী উপজেলা মহিলা দলের উদ্যোগে প্রস্তুতি সভা ও আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।
০৪ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দে আয়োজিত এই প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন চিতলমারী উপজেলা মহিলা দলের আহ্বায়ক, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান এবং বাগেরহাট জেলা বিএনপির সদস্য জনাব রুনা গাজী।
স্বৈরাচারের নির্যাতন ও কারাবরণের স্মৃতিচারণ
সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা মহিলা দলের আহ্বায়ক রুনা গাজী বিগত স্বৈরাচারী আমলের ভয়াবহ নির্যাতনের স্মৃতিচারণ করেন। তিনি বলেন, স্বৈরাচারের শাসনামলে বিপুল ভোটে চিতলমারী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর তাকে মিথ্যা মামলায় ছয় মাসের দুধের শিশুকে রেখেই কারাবরণ করতে হয়েছিল। অমানবিক নির্যাতন ও নিপীড়নের কারণে তার দুধের শিশুটি মায়ের বুকের দুধ পর্যন্ত পান করতে পারেনি।
তিনি আরও উল্লেখ করেন, বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানও প্রবাসে দীর্ঘ সময় অমানবিক নির্যাতন সহ্য করেছেন। স্বৈরাচারী সরকার মিথ্যা ও হয়রানিমূলক মামলা দিয়ে বিএনপির বহু নেতাকর্মীকে দেশত্যাগে বাধ্য করেছে, ব্যবসা-বাণিজ্য লুট করেছে এবং অনেককে কারাবন্দী করে রেখেছিল।
উদারতা ও ক্ষমার অনন্য দৃষ্টান্ত
জনাব রুনা গাজী বলেন, সকল জুলুম ও অত্যাচারের প্রতিশোধপরায়ণ না হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সকলকে ক্ষমা করে দিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ার অনন্য অঙ্গীকার করেছেন। এমন উদার ও ক্ষমাশীল প্রধানমন্ত্রী পাওয়া বাংলাদেশের জনগণের জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয়।
তিনি আরও জানান, বাগেরহাটের খাজা খানজাহান আলীর পুণ্যভূমিতে প্রধানমন্ত্রী আসছেন। তার এই আগমনে বাগেরহাটবাসী অত্যন্ত আনন্দিত ও উৎফুল্ল। তিনি মাজার জিয়ারত, ষাটগম্বুজ মসজিদ পরিদর্শন এবং ফকিরহাট থেকে কাটাখালী মোড় পর্যন্ত পথসভায় অংশগ্রহণ করবেন। চিতলমারী ও বাগেরহাটবাসীর পক্ষ থেকে তিনি প্রধানমন্ত্রীকে লাল গোলাপের শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান।
জিয়া পরিবার ও নারী অগ্রগতির অবদান
বক্তব্যের শেষাংশে বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান এবং দেশের রাজনীতিতে গণতন্ত্রের মা, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দূরদর্শিতার কথা তুলে ধরা হয়। নারী সমাজকে স্বাবলম্বী করতে এবং দেশ গড়ার কাজে পুরুষের পাশাপাশি সমান অংশীদার করতে বেগম খালেদা জিয়া প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত মেয়েদের অবৈতনিক শিক্ষার সুযোগ তৈরি করেছিলেন।
বক্তারা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সর্বোচ্চ আসন নিয়ে বিজয়ী হয়ে বিএনপি সরকার গঠন করেছে, যা বাংলাদেশের জনগণের হৃদয়ে তারেক রহমানের ভালোবাসারই বহিঃপ্রকাশ।
আনন্দ র‍্যালি
প্রস্তুতি সভা শেষে চিতলমারী উপজেলা মহিলা দলের আয়োজনে একটি বর্ণাঢ্য আনন্দ র‍্যালি বের করা হয়। র‍্যালিতে চিতলমারী উপজেলা বিএনপি ও এর সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে মহিলা দলের বিপুল সংখ্যক নেত্রী-কর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর আগমনকে সফল ও সার্থক করার প্রত্যয় ব্যক্ত করেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন