
বাংলাদেশের ঐতিহ্য, সংস্কৃতি ও প্রত্নসম্পদের প্রতি আগ্রহ প্রকাশ করে দিনাজপুরের ঐতিহাসিক কান্তনগর মন্দির পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে স্ত্রী ডিয়ান ডাওকে সঙ্গে নিয়ে তিনি দিনাজপুরের কাহারোল উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নে অবস্থিত দেশের অন্যতম প্রাচীন ও নান্দনিক প্রত্নতাত্ত্বিক নিদর্শন কান্তনগর মন্দিরে যান।
মন্দির প্রাঙ্গণে পৌঁছালে স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের সদস্যরা ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন ও পুষ্প অর্পণের মাধ্যমে মার্কিন রাষ্ট্রদূত ও তার স্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান। এ সময় পুরো মন্দির এলাকা উৎসবমুখর পরিবেশে মুখর হয়ে ওঠে। স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যের এই আয়োজন রাষ্ট্রদূত দম্পতির দৃষ্টি আকর্ষণ করে।
পরিদর্শনকালে ব্রেন্ট ক্রিস্টেনসেন মন্দিরে প্রদীপ আরতিতে অংশ নেন। পরে তিনি মন্দিরের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং এর অনন্য স্থাপত্যশৈলী ও টেরাকোটার কারুকাজ গভীর মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করেন। মন্দিরের দেয়ালজুড়ে থাকা পোড়ামাটির অলংকরণে ফুটে ওঠা ধর্মীয় কাহিনি, ইতিহাস, সংস্কৃতি এবং তৎকালীন জনজীবনের নানা চিত্র সম্পর্কে তিনি আগ্রহভরে খোঁজখবর নেন।
সংশ্লিষ্টরা রাষ্ট্রদূতকে কান্তনগর মন্দিরের নির্মাণ ইতিহাস, সংরক্ষণ কার্যক্রম এবং এর প্রত্নতাত্ত্বিক গুরুত্ব সম্পর্কে অবহিত করেন। এ সময় তিনি বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের বিভিন্ন দিক নিয়েও জানতে চান।
অষ্টাদশ শতকে নির্মিত কান্তনগর মন্দির দেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে পরিচিত। এর অসাধারণ টেরাকোটা শিল্পকর্ম ও স্থাপত্য বৈশিষ্ট্য দেশি-বিদেশি পর্যটকদের কাছে দীর্ঘদিন ধরে বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু।
মার্কিন রাষ্ট্রদূতের এই সফরকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। অনেকেই মনে করেন, আন্তর্জাতিক পর্যায়ে প্রভাবশালী একজন কূটনীতিকের এই পরিদর্শন দিনাজপুরের ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যকে বিশ্বদরবারে আরও পরিচিত করে তুলবে এবং জেলার পর্যটন সম্ভাবনা বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে।





