দিনাজপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত ভূমি অধিকার, হত্যার বিচার ও নিরাপত্তার দাবিতে বর্ণাঢ্য র‍্যালি

ভূমি অধিকার সংরক্ষণ, দখল হয়ে যাওয়া জমি পুনরুদ্ধার, আদিবাসী হত্যাকাণ্ডের বিচার ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে দিনাজপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রোববার (৯ আগস্ট) দুপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন কমিটির উদ্যোগে দিনাজপুর শহরের কলেজ মোড়স্থ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক একাডেমি প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‍্যালিটি বের হয়। বিভিন্ন আদিবাসী সংগঠনের নেতাকর্মী ছাড়াও বিপুলসংখ্যক নারী-পুরুষ র‍্যালিতে অংশ নেন।
র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক একাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীদের হাতে বিভিন্ন দাবিসংবলিত ব্যানার ও ফেস্টুন দেখা যায়। তারা আদিবাসীদের ভূমি দখল বন্ধ, দখল হয়ে যাওয়া জমি উদ্ধার, আদিবাসী হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার এবং জীবন-জীবিকার নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
র‍্যালিতে জাতীয় আদিবাসী পরিষদ, আদিবাসী সমাজ উন্নয়ন সমিতি, বাংলাদেশ আদিবাসী মুক্তি মোর্চা, উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম, রংপুর বিভাগীয় মাহালী সমাজ উন্নয়ন সংগঠনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
র‍্যালি শেষে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক একাডেমির হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, দেশের আদিবাসী জনগোষ্ঠী দীর্ঘদিন ধরে ভূমি, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও নিরাপত্তাসহ বিভিন্ন ক্ষেত্রে নানা সমস্যার মুখোমুখি হয়ে আসছে। বিশেষ করে ভূমি নিয়ে বিরোধ ও দখলের ঘটনা তাদের জীবন ও জীবিকায় গভীর প্রভাব ফেলছে।
বক্তারা আদিবাসীদের ঐতিহ্যবাহী ভূমির অধিকার সুরক্ষা, ভূমি বিরোধ দ্রুত নিষ্পত্তি, সহিংসতা ও নির্যাতনের ঘটনায় দায়ীদের আইনের আওতায় আনা এবং আদিবাসী জনগোষ্ঠীর জন্য রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবি জানান।
তারা আরও বলেন, আদিবাসীদের ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য ও জীবনধারা বাংলাদেশের বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। তাই এসব সংস্কৃতি সংরক্ষণ ও নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে সরকারি-বেসরকারি পর্যায়ে কার্যকর উদ্যোগ প্রয়োজন।
আলোচনা সভা শেষে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী গান, নৃত্য ও সাংস্কৃতিক পরিবেশনা তুলে ধরা হয়।
উল্লেখ্য, প্রতি বছর ৯ আগস্ট বিশ্বব্যাপী আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়। আদিবাসী জনগোষ্ঠীর অধিকার, মর্যাদা, ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণ এবং তাদের জীবনমান উন্নয়নে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে দিবসটি পালন করা হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন

হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কের বেজুরা সেতু এলাকায় তেলবাহী লরি, বালুবাহী, সিএনজি ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

‎ হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কের বেজুরা সেতু এলাকায় তেলবাহী লরি,