দিনাজপুর জেলায় সারের বর্তমান পরিস্থিতি, উত্তোলন, মজুদ ও বিপণন কার্যক্রম নিয়ে সার ডিলার, কৃষি কর্মকর্তা এবং সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) দিনাজপুর শিশু একাডেমি মিলনায়তনে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (খামারবাড়ি), দিনাজপুরের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম।
সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) আসনের জাতীয় সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক, দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, জেলা পুলিশ সুপার মো. জেদান আল মুসা (পিপিএম), বিএডিসির যুগ্ম পরিচালক (সার) মো. জাহাঙ্গীর আলম এবং জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মো. শাহ আলম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. আফজাল হোসেন। সভায় মঞ্চে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম হাবিবুল হাসান এবং জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুর রহিম।
বক্তারা বলেন, কৃষি উৎপাদন অব্যাহত রাখতে কৃষকদের কাছে সময়মতো ও নির্ধারিত মূল্যে সার পৌঁছে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে সারের উত্তোলন, মজুদ ও বিতরণ ব্যবস্থায় স্বচ্ছতা, জবাবদিহিতা এবং কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম বলেন, কৃষকদের স্বার্থ রক্ষায় প্রশাসন সর্বদা সচেষ্ট। সারের কৃত্রিম সংকট সৃষ্টি, মজুদদারি কিংবা অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
বোচাগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নয়ন কুমার সাহার উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় দিনাজপুর জেলার বিভিন্ন উপজেলার সার ডিলার, কৃষি বিভাগের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট স্টেকহোল্ডাররা অংশগ্রহণ করেন। সভায় সারের সরবরাহ ও বিপণন ব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং কৃষি খাতে সেবার মানোন্নয়নে প্রয়োজনীয় করণীয় নির্ধারণ করা হয়।