মঙ্গলবার,৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

দিনাজপুর সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: ট্যাপেন্টাডল ট্যাবলেট, দেশি মদ ও মোটরসাইকেলসহ দুইজন আটক

দিনাজপুরের বোচাগঞ্জ ও বিরল সীমান্তে পৃথক বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, দেশি মদ, মোটরসাইকেলসহ বিভিন্ন মালামাল জব্দ করেছে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)। এ সময় বোচাগঞ্জ সীমান্ত থেকে দুইজন মাদক কারবারিকেও আটক করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তে চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে চলমান অভিযানের অংশ হিসেবে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার (৩ আগস্ট) রাত ৯টা ৪৫ মিনিটে দিনাজপুর ব্যাটালিয়নের পরমেশ্বরপুর বিওপি সদস্যরা বোচাগঞ্জ উপজেলার পরমেশ্বরপুর এলাকায় অভিযান পরিচালনা করেন। সীমান্ত পিলার ৩৩২/৫-এস থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পরিচালিত এ অভিযানে ৩ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, একটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও দুটি সিমকার্ডসহ দুইজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার ভবানীপুর গ্রামের মো. দেলোয়ার হোসেন (৩০) এবং একই এলাকার মো. আবু সায়েম শীপন (২০)। পরে তাদের জব্দকৃত আলামতসহ বোচাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
এদিকে একই দিন রাত ১০টা ৫০ মিনিটে রামচন্দ্রপুর বিওপির সদস্যরা বিরল উপজেলার ভুড়িরহাট এলাকায় পৃথক অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১০০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেন। এলাকাটি সীমান্ত পিলার ৩২৯/৪-এস থেকে প্রায় দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত।
এর কিছুক্ষণ পর রাত ১১টায় কিশোরীগঞ্জ বিওপির সদস্যরা বিরল উপজেলার পাকুড়া বাজার এলাকায় আরেকটি অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৪৬ বোতল দেশি মদ উদ্ধার করেন। উদ্ধারস্থলটি সীমান্তের মেইন পিলার ৩৩১ থেকে প্রায় দুই কিলোমিটার অভ্যন্তরে অবস্থিত।
বিজিবি জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি এসব ঘটনার সঙ্গে জড়িত পলাতক মাদক ব্যবসায়ীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
আটককৃত মাদকদ্রব্য, মোটরসাইকেল ও অন্যান্য মালামালের সর্বমোট সিজার মূল্য ২ লাখ ২০ হাজার ৮০০ টাকা।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত রাখবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন