বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও তার দল কখনোই সুষ্ঠুভাবে চিন্তা করে না।
নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ করে বিএনপি ক্ষমতায় এসেছে-জামায়াত আমীরের এমন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, তিনি (জামায়াত আমীর) ও তার দল কখনোই সুষ্ঠুভাবে চিন্তা করেন না। দেশি ও বিদেশি সব পর্যবেক্ষক একবাক্যে স্বীকার করেছেন, এই নির্বাচন বাংলাদেশের সবচেয়ে নিরপেক্ষ, অবাধ ও সুষ্ঠু হয়েছে। এই নির্বাচনে বিএনপি তাদের জনপ্রিয়তার মাধ্যমে ২১৩টি আসন পেয়ে সরকার গঠন করেছে। সুতরাং জামায়াত আমীরের এই বক্তব্য আমি প্রত্যাখ্যান করছি— নিন্দা জানাচ্ছি ও ক্ষোভ প্রকাশ করছি।
শনিবার (২৫ এপ্রিল) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভা শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।
দলীয় সমাবেশ সফল করার জন্য সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকদের অংশগ্রহণের আহ্বান জানান মির্জা ফখরুল। ঢাকায় এ কর্মসূচি উৎসবমুখর পরিবেশে পালনের আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস এবং যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এমপি প্রমুখ।




