নওগাঁর বদলগাছীতে পটল ক্ষেতে মিললো ৩২৫ রাউন্ড গুলি, মুক্তিযুদ্ধের স্মৃতি ঘিরে রহস্য

নওগাঁ জেলার বদলগাছী উপজেলায় পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ গুলি উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রবিবার (২৯ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার আধাইপুর ইউনিয়নের দেউলিয়া উত্তরপাড়া গ্রামের একটি পটল ক্ষেত থেকে এসব গুলি উদ্ধার করে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, দেউলিয়া গ্রামের বাসিন্দা জয়দুল ইসলাম তার পটল ক্ষেতের জন্য মাচা তৈরির উদ্দেশ্যে জমিতে খুঁটি বসানোর সময় হঠাৎ শক্ত কোনো বস্তুর সাথে ধাক্কা খান। পরে কৌতূহলবশত মাটি খুঁড়ে দেখতে পান মরিচাধরা অসংখ্য গুলি। বিষয়টি তিনি তাৎক্ষণিকভাবে স্থানীয়দের জানান এবং সাবেক ইউপি সদস্য খোরশেদ আলমের মাধ্যমে থানায় খবর দেওয়া হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রায় ৩২৫ রাউন্ড গুলি উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এগুলো থ্রি-নট-থ্রি রাইফেলের গুলি এবং দীর্ঘদিন মাটির নিচে থাকার কারণে মরিচা পড়ে গেছে। পুলিশের ধারণা, গুলিগুলো বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময়কার হতে পারে।
ঘটনাস্থলে উপস্থিত বদলগাছী থানার তদন্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, উদ্ধারকৃত গুলিগুলো জব্দ করা হয়েছে এবং বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। তিনি আরও বলেন, বর্তমানে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এদিকে হঠাৎ করে এমন গুলি উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে কৌতূহল ও নানা জল্পনা-কল্পনার সৃষ্টি হয়েছে। অনেকেই মনে করছেন, মাটির নিচে এখনও লুকিয়ে থাকতে পারে অতীতের অজানা ইতিহাসের গুরুত্বপূর্ণ নিদর্শন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন