নাগেশ্বরীতে জলবায়ু সহনশীল ‘গ্রিন স্কুল’ বাস্তবায়নে কর্মপরিকল্পনা প্রণয়ন কর্মশালা

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে পরিবেশবান্ধব ও টেকসই পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিদ্যালয়ভিত্তিক ‘গ্রিন স্কুল’ বাস্তবায়ন কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নাগেশ্বরী উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) প্রশিক্ষণকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এর আগে সোমবার (২৮ সেপ্টেম্বর) কুড়িগ্রাম সদর উপজেলার দাশেরহাটে ESDO কার্যালয়ে হলোখানা সারডোব উচ্চ বিদ্যালয়ের প্রতিনিধিদের নিয়ে একই ধরনের কর্মশালা অনুষ্ঠিত হয়।
‘জলবায়ু পরিবর্তন মোকাবিলায় টেকসই সমাধান নিশ্চিতকরণ (অ্যাকসেস) প্রকল্প’-এর আওতায় আয়োজিত এসব কর্মশালার মূল উদ্দেশ্য হলো বিদ্যালয়ভিত্তিক কর্মপরিকল্পনা প্রণয়ন এবং পরিবেশবান্ধব ও জলবায়ু সহনশীল ‘গ্রিন স্কুল’ মডেল বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নির্ধারণ করা। বেসরকারি উন্নয়ন সংস্থা ইএসডিও (ESDO) কর্মশালাগুলো বাস্তবায়ন করছে। এতে সহযোগিতা করছে আন্তর্জাতিক সংস্থা হেলভেটাস বাংলাদেশ (HELVETAS Bangladesh)।
নাগেশ্বরীর কর্মশালায় শালমারা ইসলামিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, চারজন সহকারী শিক্ষক, চারজন শিক্ষার্থী প্রতিনিধি, বিদ্যালয় পরিচালনা কমিটির একজন সদস্য এবং দুজন সুধীজন অংশ নেন।
কর্মশালাটি পরিচালনা করেন জয় প্রকাশ, ডিআরআর অ্যান্ড এনবিএস (DRR & NBS) কর্মকর্তা। এতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও মিল্টন সরকার  টেকনিক্যাল কো অর্ডিনেটর(ESDO)  উপস্থিত ছিলেন।
কর্মশালায় বিদ্যালয়ভিত্তিক কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় কার্যকর উদ্যোগ গ্রহণ এবং বিদ্যালয় প্রাঙ্গণে পরিবেশবান্ধব চর্চা জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে বিদ্যালয়ের বিদ্যমান পরিবেশগত ঝুঁকি ও প্রয়োজন চিহ্নিত করে সম্ভাব্য কার্যক্রম, দায়িত্ব বণ্টন এবং বাস্তবায়নযোগ্য উদ্যোগ নির্ধারণে অংশগ্রহণমূলক আলোচনা অনুষ্ঠিত হয়।
প্রকল্পের আওতায় কুড়িগ্রাম জেলায় দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গ্রিন স্কুল’ মডেল তৈরির কার্যক্রম চলমান রয়েছে। এগুলো হলো নাগেশ্বরী উপজেলার শালমারা ইসলামিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় এবং কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা সারডোব উচ্চ বিদ্যালয়।
বিদ্যালয়গুলোর কর্মপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে জলবায়ু সহনশীল অবকাঠামো, পরিবেশবান্ধব চর্চা, সবুজায়ন ও শিক্ষার্থীদের অংশগ্রহণমূলক পরিবেশ সচেতনতা কার্যক্রম আরও জোরদার হবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন