নারায়ণগঞ্জ শহরে প্রবেশের অনুমতি চান চালকরা, সিদ্ধিরগঞ্জে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ

নারায়ণগঞ্জ শহরে অটোরিকশা প্রবেশে বাধা, মামলা ও জরিমানার প্রতিবাদে সড়কে নেমেছেন চালকরা। বৃহস্পতিবার সকালে সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তাঁরা। প্রায় ৪০ মিনিটের এই কর্মসূচিতে যান চলাচল বন্ধ হয়ে পড়ায় ভোগান্তিতে পড়েন কর্মস্থলগামী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ যাত্রীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকালে অটোরিকশাচালকরা সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় জড়ো হয়ে সড়কে অবস্থান নেন। একপর্যায়ে তাঁরা কাঠ, বাঁশ ও প্লাস্টিকজাতীয় সামগ্রীতে আগুন জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে সড়কের দুই পাশে বাসসহ বিভিন্ন যানবাহন আটকে পড়ে এবং যানজটের সৃষ্টি হয়।
বিক্ষোভকারী চালকদের দাবি, নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকায় অটোরিকশা চলাচলের অনুমতি দিতে হবে, সর্বনিম্ন ভাড়া ১০ টাকা নির্ধারণ করতে হবে এবং পুলিশের মামলা ও জরিমানাসংক্রান্ত সমস্যার সমাধান করতে হবে। তাঁদের অভিযোগ, অটোরিকশার বিরুদ্ধে প্রতিটি মামলায় তিন হাজার টাকা করে জরিমানা করা হচ্ছে।
এদিকে চালকদের অবরোধে আটকে পড়ে কর্মস্থলে যাওয়ার পথে দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা। তাঁদের মধ্যে ইপিজেডগামী এক যাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, অনেক কষ্ট করে তাঁরা কর্মস্থলে যান। কিন্তু সড়ক অবরোধের কারণে সময়মতো পৌঁছানো সম্ভব হচ্ছে না। শিক্ষার্থীরাও রাস্তায় আটকে রয়েছে। সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলে এভাবে সড়ক বন্ধ রাখা উচিত নয় বলে মন্তব্য করেন তিনি।
খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক রাজ্জাক ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারী চালকদের সঙ্গে কথা বলেন। পরে চালকরা অবরোধ তুলে নিলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক বলেন, ঘটনাস্থলে এএসআই রাজ্জাককে পাঠানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন