নিজের কারখানায় মালিকের অর্ধ গলিত লাশ

কিশোরগঞ্জের কটিয়াদীতে নিখোঁজের চারদিন পর নিজ কারখানা  থেকে এক ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৮ মে) সকালে উপজেলার পৌর এলাকার ভোগপাড়া মহল্লায় কটিয়াদী-কিশোরগঞ্জ আঞ্চলিক মহা সড়কের পাশে একটি ব্যবসা প্রতিষ্ঠানের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

জানা গেছে, উদ্ধার হওয়া মরদেহটি মো. জিল্লুর রহমান (৪০) নামে এক ব্যক্তির। তিনি নরসিংদীর জেলার  মনোহরদী উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের চরগোহালবাড়িয়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। ঘটনার পরপরই কটিয়াদী সার্কেল এসপি মো. তোফাজ্জল হোসেনসহ আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। জিল্লুর রহমান দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে কটিয়াদী সদরে বসবাস করতেন।

স্ত্রী ছাড়াও তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। কটিয়াদী পৌর এলাকায় তার দুটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে ‘মুন ডিজিটাল স্টুডিও অ্যান্ড কালার ল্যাব’ও  ‘অন-টাইম প্লেট অ্যান্ড গ্লাস’ তৈরির কারখানা  পরিচালনা করতেন।

পরিবার মারফত  জানানো হয় শুক্রবার বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি তিনি। সোমবার সকালে স্ত্রী ও পরিবারের সদস্যরা ব্যবসা প্রতিষ্ঠান খুলে মরদেহটি মেঝেতে পড়ে থাকতে দেখেন। পরে পুলিশ গিয়ে সুরতহাল শেষে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

কারখানায় কাজ করা দুই নারী কর্মী মদিনা ও শারমিন বলেন, ‘বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে আমরা সর্বশেষ কাজ করে চলে যাই। আমরা ছাড়াও আরেকজন পিক-আপ ড্রাইভার এখানে কাজ করতেন তার নাম আমরা জানিনা। মালামাল আসলে আমাদের ফোনে জানানো হতো। এরপর থেকে কাজের জন্য আর কোনো ফোন পাইনি।’

এদিকে ব্যবসা প্রতিষ্ঠানের  ড্রাইভারের খোঁজ পাওয়া যাচ্ছে না। তাৎক্ষণিকভাবে কেউ তার নাম-পরিচয় জানাতে পারেনি।

মৃত জিল্লুর রহমানের স্ত্রী অন্তরা বলেন, ‘প্রতিদিনের মতো শুক্রবার সকালে নাশতা খেয়ে বাসা থেকে বের হন তিনি। এরপর দুপুরে সর্বশেষ কথা হয়। ফোনে কল দিলেও  রিসিভ করেননি। অনেক খোঁজাখুঁজির পর ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেখি মরদেহটি মেঝেতে পড়ে রয়েছে।

চাচাতো ভাই আব্দুল হাশিম বলেন, ‘কিভাবে এমন ঘটনা ঘটেছে, তার সঠিক তদন্ত চাই।

কটিয়াদী মডেল থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ‘মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। নিখোঁজের বিষয়ে থানাকে আগে অবগত করা হয়নি। ঘটনাটি তদন্তাধীন রয়েছে

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন