পটুয়াখালী ধর্ষন চেষ্টার সালিস বৈঠকে ৫০ জুতার বাড়ি ও ৫ হাজারে সমঝোতা
তুষার হাওলাদার, স্টাফ রিপোর্টার:
পটুয়াখালীর কলাপাড়ায় দশকানি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেনীর এক শিক্ষার্থীকে ধর্ষন চেষ্টার দায়ে রিপন (৩৫) নামের এক ভ্যান চালককে ৫০ জুতার বাড়ি ও ৫ হাজার টাকা জরিমানা হয়েছে। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেমায়েদ উদ্দিন নান্নু তালুকদার সালিস বৈঠক বসিয়ে এ রায় দেন। পরে স্থানীয় এক প্রভাবশালী জনসম্মুখ্যে ওই ব্যক্তিকে ৫০ জুতার বাড়ি প্রদান করে এ রায় কার্যকর করেন। মঙ্গলবার রাতে উপজেলার লালুয়া ইউনিয়নের দশকানি গ্রামে এ ঘটনা ঘটে। সরকারী বিদ্যালয়ের প্রধান শিক্ষক হয়েও সালিস বৈঠক করায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তবে তিনি প্রভবাশালী হওয়ায় ওই এলাকায় কেউ মুখ খুলতে রাজি হয়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ওই এলাকার একটি বাড়িতে ইফতারির আয়োজন ছিলো। চারিপাড়া গ্রামের রিপন সেই দাওয়াতে গিয়ে আত্মীয়তার সুবাদে ওই শিক্ষার্থীর ঘরে গিয়ে তাকে ঝাপটে ধরে অন্ধকার স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে শিক্ষার্থীর ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে আটক করে। এ ঘটনায় দশকানি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নান্নু তালুকদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি।কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ বলেন, বিষয়টি খোজ খবর নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।



