পলাশবাড়ীতে মাইক্রোবাস-বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ১০

গাইবান্ধার পলাশবাড়ীতে মাইক্রোবাস ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কের পাকয়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন, মাসুদ রানা (৩৫)। তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার বাঁশঘেরা গ্রামের ফয়জার আলীর ছেলে। তিনি দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটির চালক ছিলেন।
স্থানীয়রা জানান, ঢাকা থেকে আসা একটি বেসরকারি ওষুধ কোম্পানির হেলথকেয়ার ডিস্ট্রিবিউটারের মাইক্রোবাসের সঙ্গে গাইবান্ধা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া আল হামরা পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটির চালক মাসুদ রানা ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনায় বাস ও মাইক্রোবাসের আরও অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন।
খবর পেয়ে পলাশবাড়ী থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ারে আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে একজনের মরদেহ উদ্ধার করেছেন। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

 

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন