
নেত্রকোনার মদন পৌর সদরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে নতুন বস্ত্র বিতরণ করেছেন পৌর বিএনপি নেতা ও মেয়রপ্রার্থী এনামূল হক।
বুধবার (১৪ অক্টোবর) বেলা ১২টার দিকে পৌর সদরের সিলেট বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন ওয়ার্ড থেকে আসা ৪০০ নারী-পুরুষ ও বয়োবৃদ্ধের হাতে নতুন কাপড় ও লুঙ্গি তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও হেফাজতে ইসলামের উপজেলা সভাপতি মুফতি আনোয়ার হোসাইন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মুফতি আনোয়ার হোসাইন বলেন, পৌর বিএনপি নেতা এনামূল হক ধর্ম-বর্ণ ও রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে অসহায় মানুষের মধ্যে নতুন বস্ত্র বিতরণ, হতদরিদ্রদের চিকিৎসাসেবা এবং কৃষকদের মধ্যে কৃষিবীজ বিতরণসহ নানা মানবিক ও জনকল্যাণমূলক কাজ করে আসছেন। তাঁর এ ধরনের উদ্যোগ সমাজে মানবিকতা, পারস্পরিক সম্প্রীতি ও সহমর্মিতার দৃষ্টান্ত স্থাপন করছে। দুর্গাপূজার আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও তিনি এ কার্যক্রম অব্যাহত রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
এনামূল হক তাঁর বক্তব্যে বলেন, “আমি আপনাদের সঙ্গে থেকে কাজ করতে চাই। আমি যদি পৌর মেয়র নির্বাচিত হতে পারি, তাহলে আমার বেতন ও টিএ-ডিএর অর্থ মসজিদ-মাদ্রাসায় বিতরণ করে দেব। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি যে মানবিক ও জনকল্যাণমূলক কাজগুলো করে আসছি, ইনশাআল্লাহ, ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, মানুষের কল্যাণে কাজ করাই তাঁর মূল লক্ষ্য। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার পাশে থেকে সহযোগিতার এ ধারা অব্যাহত রাখতে চান তিনি।



